
ম্যাচ নিয়ে আগ্রহ যা খানিকটা ছিল, সেটাও প্রায় শেষ হয়ে যায় সম্ভবত টসেই! হারারেতে টস জয় মানেই আগে বোলিং আর উইকেটের আর্দ্রতা কাজে লাগিয়ে ব্যাটসম্যানদের বিপাকে ফেলা। আগের ম্যাচেই আগে বোলিং করে শুরুতেই ৪ উইকেট তুলে নিয়েছিল জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত পেরে ওঠেনি, তবে ভারতকে জোর একটা ধাক্কা তো দিতে পেরেছিল! কাল ভারতের টস জয়ে যেন শেষ হয়ে গেল ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাও।অনুমিতভাবেই জিম্বাবুয়ের আরেকটি অসহায় আত্মসমর্পণ। প্রথম তিন ম্যাচেই সিরিজ জিতে নিল বিরাট কোহলির ভারত। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের মুহূর্তে উইকেটেই ছিলেন কোহলি, আরেকটি দারুণ ইনিংস খেলে হাসি মুখে মাঠ ছাড়লেন স্মারক স্টাম্প বগলদাবা করে। ব্রেন্ডন টেলরের মুখে হতাশা। হতাশার কথা আড়াল করাই অধিনায়কদের জন্য নিয়ম। কিন্তু জিম্বাবুয়ে অধিনায়ক তা লুকাতে পারলেন না, ‘ক্রমাগত হতাশ হয়ে যাচ্ছি।
আমাদের যা সামর্থ্য, সিরিজের আগে যতটা কষ্ট করেছি, সেটার কোনো প্রতিফলনই আমরা ফেলতে পারছি না মাঠে।’ভারতের নতুন বলের দুই পেসার প্রথম দুই ওভারেই ফেরান জিম্বাবুয়ের দুই ওপেনারকে। তৃতীয় উইকেটে টেলরকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন মাসাকাদজা। তবে উইকেট যখন সহজ হতে শুরু করেছে, একের পর এক উইকেট ছুড়ে নিজেদের কাজ কঠিন করে তুলেছে জিম্বাবুয়ে।
মিশ্র-জাদেজার স্পিনে ২২ রানের মধ্যে হারায় ৪ উইকেট।
দারুণ খেলতে থাকা শন উইলিয়ামস কাটা পড়েন রানআউটে। লোয়ার-অর্ডার লড়াই করে শেষ পর্যন্ত দলকে ১৮০ পার করান। কোহলির অপরাজিত ফিফটি আর ধাওয়ান-রায়ডু-রায়নাদের মাঝারি তিনটি ইনিংসে ভারত জিতে যায় ৮৭ বল হাতে রেখেই।১ ও ৩ আগস্ট সিরিজের শেষ দুটি ম্যাচ বুলাওয়েতে। দেখা যাক, ভেন্যু বদলে ভাগ্য কতটা বদলায় জিম্বাবুয়ের! ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৪৬ ওভারে ১৮৩ (সিবান্দা ০, রাজা ১, মাসাকাদজা ৩৮, টেলর ২৩, উলিয়ামস ৪৫, ওয়ালার ০, চিগুম্বুরা ৩, উতসেয়া ১০, চাতারা ২৩, ভিটরি ১৭, চিনুয়া ৬*; মিশ্র ৪/৪৭, সামি ২/২৫, উনাদকাট ১/২৪, বিনয় ১/৩২, জাদেজা ১/৩৯)। ভারত: ৩৫.৩ ওভারে ১৮৭/৩ (রোহিত ১৪, ধাওয়ান ৩৫, কোহলি ৬৮*, রায়ডু ৩৩, রায়না ২৮*; চাতারা ১/৩৪, চিনুয়া ১/৩৬, ভিটরি ১/৫৩)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অমিত মিশ্র।