সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা
এক ইনিংসের শেষ দিকে গতি ও বাউন্সের উন্মত্ত ঝড়। আরেক ইনিংসের শুরুতে শিল্প আর আগ্রাসনের মিশেল। দুই মিলিয়ে নেপিয়ারে কাল নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের শেষ ৫ উইকেট তুলে নিলেন মরনে মরকেল। ওপেনিংয়ে নেমে হাশিম আমলা খেললেন ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস। ৮ উইকেটের জয়ে এক ম্যাচ বাকি থাকতে জিতে নিল সিরিজও। এবি ডি ভিলিয়ার্সের দল সিরিজ শুরু করেছিল প্রথম টি-টোয়েন্টিতে হেরে। কিন্তু এরপর টানা জিতল দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে।টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড এগিয়ে যাচ্ছিল তিন শর দিকে। ৩২ ওভার শেষে রান ছিল ২ উইকেটে ১৬২, ২০০তম ওয়ানডেতে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু নিউজিল্যান্ডকে থামতে হয়েছে তিন শর অনেক আগেই, সেঞ্চুরি হয়নি অধিনায়কেরও। টপ-অর্ডারে যথারীতি রান পেয়েছেন গাপটিল। ম্যাককালাম এরপর দলকে এগিয়ে নিচ্ছিলেন কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে। দুজনকেই ফিরিয়েছেন সতসোবে, রাইডারকে রানের খাতাই খুলতে দেননি স্টেইন। এরপর শুধুই মরকেল...প্রথম তিন স্পেলে ৭ ওভারে ৩৩ রান নিয়ে উইকেটশূন্য ছিলেন। এক ওভারের চতুর্থ স্পেলে টানা দুই বলে ফেরালেন ফ্রাঙ্কলিন ও মিলসকে। শেষ স্পেলে ৮ বলের মধ্যে আরও ৩ উইকেট। অর্থাৎ, শেষ ৫ রানে ৫ উইকেট! ওয়ানডে র্যাঙ্কিংয়ের চার নম্বর বোলার ৫ উইকেট পেলেন এই প্রথম।নিউজিল্যান্ডের ছোট মাঠ ও ব্যাটিং উইকেটে ২৩০ রান লড়াই করার মতোও নয়। কিউইরা পারেওনি। স্মিথের চোটে আমলার সঙ্গে ইনিংস শুরু করা ক্যালিস ফিরে গিয়েছিলেন শুরুতেই। তবে ফ্যাফ ডু প্লেসিসের সঙ্গে আমলার ৬৯ রানের দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাচের লাগাম নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। লাগামটা আর হাতছাড়া হয়নি, আমলার সঙ্গে ডুমিনি-ডি ভিলিয়ার্সদের কার্যকর ব্যাটিংয়ে প্রোটিয়ারা ম্যাচ জিতে নেয় ৭০ বল বাকি থাকতে। ৬১ রানে জীবন পাওয়া আমলা কাটা পড়েন নড়বড়ে নব্বইয়ে, আক্ষেপ বলতে এই! ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড: ৪৭.৩ ওভারে ২৩০ (নিকোল ১১, গাপটিল ৫৮, ম্যাককালাম ৮৫, উইলিয়ামসন ১৩, রাইডার ০, ফ্রাঙ্কলিন ৬, এলিস ১৯, মিলস ০, সাউদি ২৮, নেথুলা ০, ম্যাকাই ০*; মরনে মরকেল ৫/৩৮, সতসোবে ৩/৪৩, ক্যালিস ১/৩২, স্টেইন ১/৩৭)। দক্ষিণ আফ্রিকা: ৩৮.২ ওভারে ২৩১/৪ (আমলা ৯২, ক্যালিস ৪, ডু প্লেসিস ৩৪, ডুমিনি ৪৩, ডি ভিলিয়ার্স ৩১*, অনটং ১৭*; নেথুলা ২/৬০, এলিস ১/১৬, মিলস ১/৪১)। ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী (সিরিজ ২-০-তে এগিয়ে)। ম্যান অব দ্য ম্যাচ: মরনে মরকেল।