সিরিজ জিতল ভারত
সিরিজ হার এড়ানোর জন্য মরিয়া হয়েই লড়ছিল ইংল্যান্ড। অন্যদিকে আজকের তৃতীয় ওয়ানডেটি জিতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে চেয়েছিল ভারত। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষপর্যন্ত জয় হলো ভারতেরই। ৫ উইকেটের ঘামঝড়ানো জয় দিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল স্বাগতিকেরা।২৯৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৯ রান যোগ করে ভারতকে ভালো সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার রেহানে ও পার্থিব প্যাটেল। ১৬তম ওভারে প্যাটেল ব্রেসনানের শিকারে পরিণত হয়ে ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে ১১১ রানের চমত্কার এক জুটি গড়ে ভারতকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দেন গৌতম গম্ভীর ও আজিনকা রেহানে। ৩৪তম ওভারে ৫৮ রান করে ফিরে যান গম্ভীর। এরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি রেহানেও। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকার সময় ফিনের শিকারে পরিণত হয়ে ফিরে যান এই ডানহাতি ওপেনার। এর পরের ৩ ওভারের মধ্যে সুরেশ রায়না ও বিরাট কোহলি সাজঘরে ফিরলে কিছুটা চাপের মধ্যে পড়ে যায় ভারত। কিন্তু ষষ্ঠ উইকেটে দায়িত্বশীল ব্যাটিং করে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। জনাথন ট্রট, কেভিন পিটারসেন ও সামিত প্যাটেলের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ভারতকে জয়ের জন্য ২৯৯ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় সফরকারীরা। তবে শেষপর্যন্ত মাত্র ২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ট্রটকে। ৯৮ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।ইনিংসের শুরুতেই মাত্র ৮ রানের মাথায় বিনয় কুমারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক (৩)। ১৩তম ওভারে বিরাট কোহলির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার কিসওয়েটার (৩৬)। মাত্র ৫৩ রানেই দুই ওপেনার সাজঘরে ফেরার পর তৃতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে শক্ত ভিত্তি এনে দেন জনাথন ট্রট ও কেভিন পিটারসেন। ৬১ বলে ৬৪ রানের লড়াকু এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন পিটারসেন। তবে শেষপর্যন্ত লড়াই চালিয়ে গেছেন ট্রট। চতুর্থ উইকেটে রবি বোপারাকে সঙ্গে নিয়ে তিনি যোগ করেন ৪১ রান। দলীয় ১৯৫ রানের মাথায় বিদায় নেন বোপারা। এরপর ট্রট জুটি গড়েন সামিত পাটেলের সঙ্গে। পঞ্চম উইকেটে মাত্র ১২ ওভারেই তাঁরা যোগ করেন ১০৩ রান। প্যাটেল খেলেন ৪৩ বলে ৭০ রানের এক ঝড়ো ইনিংস।