বিতর্ক ছড়িয়ে সিরিজ শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ জিতল শ্রীলঙ্কা
সিরিজ জিতল শ্রীলঙ্কা

ব্যাটে-বলে দুর্দান্ত লড়েই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। গতকাল এজবাস্টনে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের জয় এসেছে ৬ উইকেটে। তবে শ্রীলঙ্কার জয় ছাপিয়েও এই ম্যাচে ঝড় তুলেছে শ্রীলঙ্কার অফস্পিনার সচিত্রা সেনানায়েকে-বিতর্ক।
সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য ইতিমধ্যেই ‘রিপোর্টেড’ এই অফস্পিনার। ২০ দিনের মধ্যে তাঁকে বায়োমেট্রিক পরীক্ষার সম্মুখীন হতে হবে—এসবই পুরোনো সংবাদ। তবে ‘সেনানায়েকে’ নামটি নতুন করে বিতর্কের কেন্দ্রে একটি রান আউটের জন্য।
ইংল্যান্ডের ইনিংসে সেনানায়েকের একটি ওভারে নন-স্ট্রাইকিং ব্যাটসম্যান জোস বাটলার ক্রিজ ছেড়ে বেরিয়ে এলে তাঁকে রান আউট করেন সেনানায়েকে। প্রথমবার বাটলারকে সতর্ক করলেও পরের বার আর ছেড়ে কথা বলেননি সেনানায়েকে। নন-স্ট্রাইকিং প্রান্তে ভেঙে দেন স্টাম্প। ক্রিকেটে এই ধরনের আউট আইনসিদ্ধ হলেও একে ‘অখেলোয়াড়সুলভ’ ব্যাপার হিসেবেই চিহ্নিত করা হয়। বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা এমন পরিস্থিতিতে নন-স্ট্রাইকিং ব্যাটসম্যানকে সতর্ক করেই ছেড়ে দেন। এক দিনের ক্রিকেটে এর আগে শেষবারের মতো এভাবে আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পিটার কারস্টেন। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে ডারবানের ওই ওয়ানডে ম্যাচে বিতর্কের কেন্দ্রে ছিলেন কপিল দেব।

সেই বিতর্ক! নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প ভেঙে বাটলারের বিরুদ্ধে রান আউটের আবেদন জানাচ্ছেন সেনানায়েকে। ছবি: এএফপি
সেই বিতর্ক! নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প ভেঙে বাটলারের বিরুদ্ধে রান আউটের আবেদন জানাচ্ছেন সেনানায়েকে। ছবি: এএফপি


তবে এই ম্যাচে যোগ্যতর হিসেবেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাট করা ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতাই লঙ্কানদের হাতের মুঠোয় নিয়ে আসে জয়। প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের সংগৃহীত ২১৯ রান ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় শ্রীলঙ্কা। মাহেলা জয়াবার্ধনের ৫৩ ও লাহিরু থিরিমান্নের ৬০ রানের দুটো ইনিংসের পাশাপাশি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ৪২ লঙ্কানদের পৌঁছে দেয় জয়ের বন্দরে। এর আগে ইংল্যান্ডের ইনিংসে অ্যালিস্টার কুকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৬ রান। কুকের পাশাপাশি ইয়ান বেলের ৩৭, ক্রিস জর্ডানের ৩০ আর জোস বাটলারের ২১ রান ছাড়া ইংল্যান্ড ইনিংসে ভালো করতে পারেননি আর কেউই।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে লাসিথ মালিঙ্গাকে খেলতেই সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হন ইংলিশ ব্যাটসম্যানরা। ৫০ রানের বিনিময়ে তাঁর দখলে গেছে ৩ উইকেট। এ ছাড়া অজন্তা মেন্ডিস ৫০ রানে দুটি ও সেনানায়েকার ঝুলিতে গেছে এক উইকেট। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের অসুবিধার মধ্যে ফেলেছিলেন জেমস ট্রেডওয়েল। ৩০ রানের বিনিময়ে ২ উইকেট তাঁর। পাশাপাশি, জেমস অ্যান্ডারসন ও ক্রিস জর্ডান নিজেদের মধ্যে ভাগ করে নেন শ্রীলঙ্কার পতন হওয়া বাকি দুই উইকেট।