সিরিজ জিতল শ্রীলঙ্কা
কাল সকালেও যথারীতি গোমরা ছিল কলম্বোর আকাশ। কিন্তু বিস্ময়করভাবে পুরো ম্যাচে একবারও বাগড়া দিল না বৃষ্টি! বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচটি ২৬ রানে জিতে সিরিজও ২-০তে জিতে নিল শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।৫৪ রানের উদ্বোধনী জুটির পর তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটিতে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন সাবেক ও বর্তমান অধিনায়ক। ১০৫ বলে ৭৫ করেন সাঙ্গাকারা, জয়াবর্ধনে ৫১ বলে ৪৪ রান। সুলিমান বেনের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে মাঝে কিছুটা থমকে গিয়েছিল শ্রীলঙ্কা, তবে অ্যাঞ্জেলো ম্যাথুসের ২২ বলে ৩৬ রানে ২৭৭ রানের বড় পুঁজি পেয়ে যায় তারা। শূন্য রানে দুই ওপেনারকে হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে রেখেছিলেন ড্যারেন ব্রাভো ও রামনরেশ সারওয়ান। তবে ১২৫ রানের জুটির পর দুজনই আউট হয়েছেন অসময়ে। ৪ উইকেট নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন অজন্তা মেন্ডিস। ক্যারিয়ারের প্রথম ১৬ ওয়ানডেতেই ৪ উইকেট পেয়েছিলেন ছয়বার (এর মধ্যে দুবার ৬ ও একবার ৫ উইকেট!), ২৯ ম্যাচ পর আবার ৪ উইকেট পেলেন একসময়ের রহস্যময় স্পিনার।সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৭৭/৯ (থারাঙ্গা ৩৯, দিলশান ৩০, সাঙ্গাকারা ৭৫, জয়াবর্ধনে ৪৪, কাপুগেদারা ১৭, ম্যাথুস ৩৬*; বেন ৪/৩৮, ডোয়াইন ২/৫৮, রামপল ১/৪৪); ওয়েস্ট ইন্ডিজ: ৪৯ ওভারে ২৫১ (ড্যারেন ব্রাভো ৭৯, সারওয়ান ৫১, ডোয়াইন ব্রাভো ৩২, বাফ ৪৯, মিলার ১৩; মেন্ডিস ৪/৪৬, পেরেরা ৩/৩৬, ফার্নান্ডো ২/৪৫, হেরাথ ১/৫৪)। ফল: শ্রীলঙ্কা ২৬ রানে জয়ী, সিরিজ: শ্রীলঙ্কা ২-০তে জয়ী, ম্যান অব দ্য ম্যাচ: কুমার সাঙ্গাকারা, ম্যান অব দ্য সিরিজ: উপুল থারাঙ্গা।