সিরিজ জিতল শ্রীলঙ্কা
২০০৯ সালের আগস্টের পর থেকে আর কোনো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়নি শ্রীলঙ্কা। অবশেষে টানা আটটি টেস্ট সিরিজ হারের পর অবশেষে পাকিস্তানের বিপক্ষে জয়ের মুখ দেখেছেন লঙ্কানরা। অবশ্য এই সাফল্যের পেছনে বৃষ্টিও রেখেছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রথম টেস্টটা জয়ের পর দ্বিতীয় টেস্টের প্রায় পুরোটাই পণ্ড হয়েছিল বৃষ্টির জন্য। আজ তৃতীয় টেস্ট ড্র হওয়ার নেপথ্য কারণ হিসেবেও ছিল বৃষ্টির বাধা। টানা দুটি টেস্ট ড্র হওয়ায় স্বাগতিক শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটি জিতে নিয়েছে ১-০ ব্যবধানে। অন্যদিকে টানা সাতটি সিরিজে অপরাজিত থাকার পর এই প্রথম হারের স্বাদ পেয়েছে পাকিস্তান।আজ পাল্লেকেল্লে টেস্টের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৩৮০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আজহার আলীর ১৩৬ রানের পর শতকের দেখা পেয়েছেন আসাদ শফিকও। ১০০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান। জয়ের জন্য ২৭০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৬২ ওভার ব্যাটিং করার সুযোগ পায় শ্রীলঙ্কা। ওপেনার দিনেশ চান্দিমাল ও কুমার সাঙ্গাকারার ভালো ব্যাটিংয়ে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। চান্দিমালের ব্যাট থেকে এসেছে ৬৫ রান। সাঙ্গাকারা ৭৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।