সিরিজ জিতে গেল বাংলাদেশের যুবারা
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে কাল ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয় এসেছে ৬ উইকেটে। সাত ম্যাচের সিরিজে বাংলাদেশের যুবারা এগিয়ে গেল ৪-২-এ। আগামী ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকতা রক্ষার শেষ ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।২০৬ রান তাড়া করতে গিয়ে ৩১ রানেই ওপেনার আনামুল হককে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। তবে দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার সৌম্য সরকারের সঙ্গে সালমান হোসেনের ৯৭ রানের জুটিতে জয় সহজ হয়ে যায় স্বাগতিকদের। ৯৮ বলে এক ছক্কা আর ১০ বাউন্ডারিতে ৮৬ রান করেছেন সৌম্য। ৪০ বলে এক ছক্কা আর ৯ বাউন্ডারিতে সাজানো অপরাজিত ৫১ রানে তুলির শেষ আঁচড়টা দিয়েছেন মোসাদ্দেক হোসেন।এর আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ভেঙে পড়েছে মূলত বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সামনেই। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে সিলেটের এই তরুণ জ্বলে উঠেছেন নিজের মাঠে। তবে ৭২ রানের ওপেনিং জুটিতে শুরুটা ভালোই হয়েছিল সফরকারীদের। এর পরই মাত্র ২৯ রানের মধ্যে ৫ উইকেটের পতন বিপর্যয় ডেকে আনে তাদের।সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২০৬/৮ (বেল ৫১, কেলসাল ৩১, র্যামি ২৮, হাটন ২৬*, বল ২৫*; তাসকিন ০/৩৪, শাহরিয়ার ০/২৩, মোসাদ্দেক ০/১১, জাকারিয়া ০/৫১, আল-আমীন ১/২৫, নাসুম ৪/৩৪, আসিফ ২/২৫)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪২.৫ ওভারে ২১১/৪ (সৌম্য ৮৬, আনামুল ১৪, সালমান ৩০, আসিফ ১২, মোসাদ্দেক ৫১*, আল-আমীন ৮*; ওভারটন ২/৪১)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জয়ী ৬ উইকেটে। ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার।