সিরিজ জিতে নিল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ সফরের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম তিন ম্যাচের পরই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে উইন্ডিজকে তিন উইকেটে হারিয়ে সিরিজে ৩-০-তে এগিয়ে গেছে আফ্রিদিরা।বার্বাডোসে গতকাল বৃষ্টির কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের অনেক পরে। খেলার দৈর্ঘ্যও কমিয়ে আনা হয় ৪৫ ওভারে। ভেজা উইকেটের ফায়দা তুলতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আফ্রিদি। দ্বিতীয় ওভারেই ডেভন স্মিথের উইকেট তুলে নিয়ে শুরুটাও দারুণভাবে করেছিলেন মোহাম্মদ হাফিজ। কিন্তু দ্বিতীয় উইকেটে ৮৬ রানের পার্টনারশিপ গড়েন লেন্ডি সিমন্স ও ড্যারেন ব্রাভো। ২১তম ওভারে এই জুটি ভাঙেন সাইদ আজমল। ৫১ রান করে ফিরে যান সিমন্স। তাঁর পরে খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ব্রাভোও। হাফিজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান ৪৭ রান করে। এরপর আর বড় কোনো পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি উইন্ডিজ ব্যাটসম্যানরা। ওয়াহাব রিয়াজ ও সাইদ আজমলের অসাধারণ বোলিংয়ের সামনে ৪৩.২ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৭১ রানে। দুজনই নেন তিনটি করে উইকেট। ১৭২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে যায় পাকিস্তান। রবি রামপলের দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারের মধ্যে মাত্র ১২ রান তুলতেই একে একে ফিরে যান আজমল শেহজাদ, আসাদ শফিক ও মোহাম্মদ হাফিজ। চতুর্থ উইকেটে মিসবাহ-উল হকের সঙ্গে ৩৭ রানের পার্টনারশিপ গড়ে আবারও রামপলের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন উমর আকমল (৩০)। পঞ্চম উইকেটেই মূলত জয়ের ভিত্তিটা তৈরি করেন মিসবাহ ও হাম্মাদ আজম। গড়েন ৭৮ রানের এক ম্যাচ জেতানো জুটি। ৩০ ওভারের পর বিশুর ঘূর্ণিতে আজম, শহীদ আফ্রিদি ও মোহাম্মদ সালমান সাজঘরে ফিরলেও মিসবাহর হার না মানা ৬২ রানের ম্যাচ জেতানো ইনিংসে ভর করে ২৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। রামপল চারটি ও বিশু নেন তিনটি উইকেট।