সিরিজ জিতে র্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা
ভারনন ফিল্যান্ডারের দুর্দান্ত বোলিংয়ে লর্ডস টেস্টে ইংল্যান্ডকে ৫১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩০ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। আর এই জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ঘরের মাটিতে দুটি টেস্ট হারের মাশুল দিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা হারাতে হয়েছে ইংল্যান্ডকে। নতুন ঘোষিত র্যাঙ্কিংয়ে তাদের স্থান দখল করেছে প্রোটিয়ারা।জয়ের জন্য ৩৪৬ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। লড়াকু ব্যাটিং করে জয়ের অনেক কাছাকাছিও চলে এসেছিল স্বাগতিকেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। দুর্দান্ত বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে কাঙ্ক্ষিত জয়টি এনে দিয়েছেন ফিল্যান্ডার। মাত্র ৪৫ রানের মধ্যেই সাজঘরে ফিরেছিলেন ইংল্যান্ডের প্রথম সারির চার ব্যাটসম্যান স্ট্রাউস, অ্যালিস্টার কুক, ইয়ান বেল ও জেমস টেলর। পঞ্চম উইকেটে ৮৯ রানের জুটি গড়ে ইংলিশ শিবিরে আশার সঞ্চার করেছিলেন জনি বেয়ারস্ট্রো ও জনাথন ট্রট। কিন্তু দলীয় ১৩৪ রানের মাথায় ইমরান তাহিরের বলে আউট হন বেয়ারস্ট্রো। তাঁর ব্যাট থেকে এসেছিল ৫৪ রান। কয়েক ওভার পরে জনাথন ট্রটকেও সাজঘরে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দেন ডেল স্টেইন। ৬৩ রানের ধৈর্যশীল এক ইনিংস খেলে বিদায় নেন ট্রট। তবে এর পরও জয়ের জন্য বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সপ্তম উইকেটে ৬২ রানের জুটি গড়ে প্রোটিয়া শিবিরে ভীতি জাগিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড ও ম্যাট প্রিয়র। ব্রড ৩৭ রান করে সাজঘরে ফিরলেও থেমে থাকেননি প্রিয়র। অষ্টম উইকেটে গ্রায়েম সোয়ানকে সঙ্গে নিয়ে আবার ৭৪ রানের ঝোড়ো এক জুটি গড়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর ব্যাট থেকেই এসেছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ ৭৩ রান। দলীয় ২৮২ রানের মাথায় দুর্ভাগ্যবশত রান আউটের ফাঁদে পড়েন সোয়ান। এরপরই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। ৩৪ বলে ৪১ রান করেছেন সোয়ান।