সিরিজ জয় দেখছেন দিলশান
হেডিংলির পর লর্ডস—পরপর দুটি সহজ জয়। ওভালে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে হারের পর দারুণভাবেই সিরিজে ফিরে এল শ্রীলঙ্কা। আর এখন সফরকারীরদের স্বপ্ন সিরিজ জয়। পাঁচ ম্যাচ সিরিজে ২-১-এ এগিয়ে যাওয়া শ্রীলঙ্কার পরের ম্যাচটি আগামীকাল ট্রেন্টব্রিজে। এটি জিতলেই সিরিজ শ্রীলঙ্কার।লঙ্কান অধিনায়ক তিলকরত্নে দিলশান সিরিজটাকে দেখছেন হাতের মুঠোতেই। আত্মবিশ্বাসী অধিনায়ক ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি। যদি এভাবে খেলতে পারি তবে পরের দুটি ম্যাচ না জেতার কোনো কারণ দেখি না।’নিজের সেঞ্চুরিটা বিফলে যাওয়ায় হতাশ ইংলিশ অধিনায়ক কুক, ‘রান করতে পারাটা দারুণ ব্যাপার, কিন্তু হারা ম্যাচে নয়। আপনি জয়ের জন্যই রান করতে চাইবেন, ওটাই বেশি তৃপ্তিদায়ক। আমাদের ৪০ রান কম হয়েছিল।’পরশুর ৬ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান ব্যাটসম্যান দিনেশ চান্দিমালের। ওয়ানডাউনে নামা ২১ বছর বয়সী এই ডানহাতি অপরাজিত ছিলেন ১০৫ রানে। ছয় ম্যাচে এটা তাঁর দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। ছক্কা দিয়ে শতরানে পৌঁছানো চান্দিমাল চার মেরেই শেষ করেছেন ম্যাচ। তবে নাটক কম হয়নি তাঁর সেঞ্চুরি নিয়ে। ৪৩ ওভার শেষে চান্দিমালের নামের পাশে ৮৭, তখন দলের দরকার ছিল মাত্র ১৭ রান। নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস সঙ্গীর সেঞ্চুরি পূরণের জন্য যা যা করা দরকার তার সবই করেছেন। ৪৭তম ওভারে কোনো রানই নেননি। যা নিয়ে দিলশানও বিরক্তি প্রকাশ করেছেন ম্যাচ শেষে। ওয়েবসাইট।