সিরিজ জয় হলো না শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ জয়টা আর হলো না শ্রীলঙ্কার; হলো না অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দুটো ওয়ানডে সিরিজ জয়ের দুর্লভ গৌরবকে মুঠোবন্দী করা। শ্রীলঙ্কাকে সিরিজ জয়ের হাতছানি দেখানো চতুর্থ ওয়ানডেটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর আজ পঞ্চম ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৩২ রানে জিতে নিশ্চিত করেছে সিরিজের সমতা।টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানো শ্রীলঙ্কা লক্ষ্যমাত্রাটাও হাতের নাগালেই পেয়েছিল। শুরুটাও হয় চমত্কার। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান ও মাহেলা জয়াবর্ধনে গড়ে তোলেন ৫৭ রানের জুটি। জয়াবর্ধনের ব্যাট থেকে আসে ৩৮ রানের ইনিংস। দিলশান আউট হন ১৯ রানে। দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়েই যেন পথ হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। লাহিরু থিরামান্নে ও দিনেশ চান্দিমাল প্যাভিলিয়নে ফেরেন বলার মতো কোনো স্কোর না করেই। মিডল অর্ডারে একাই লড়াই করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তিনি ৬৭ রান করেন। ম্যাথুজকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন কুশল পেরেরা ও জীবন মেন্ডিস। কুশল ১৪ ও মেন্ডিস ২৬ রান করেন। অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে আরও একটি ভালো ইনিংসের অভাবে শেষ পর্যন্ত জয়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৩২ রান পেছনে থামতে হয় শ্রীলঙ্কাকে। ২১৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে সমস্যা তৈরি করেন মূলত দুজন। হাভিয়ের ডোহার্টি ও মোইসেস হেনরিক নিজেদের মধ্যে ছয়টি উইকেট ভাগাভাগি করেন মাত্র ৫৩ রানের বিনিময়ে (ডোহার্টি ৮-১-২১-৩, হেনরিক ১০-১-৩২-৩)। এ ছাড়াও মিচেল জনসন ৪৫ রানে ও ম্যাককে ৫১ রানে দুটি করে উইকেট দখল করেন।এর আগে, দিনের শুরুতে ব্যাটিংয়ে নামা অসিদের শুরুটা খুব একটা উচ্ছ্বাস জাগানিয়া ছিল না। ১০০ পেরোনোর আগেই তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ছিল কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে। ওই অবস্থা থেকে যেন একাই লড়ে গেলেন ফিলিপ হিউজেস। ১৫৪ বল খেলে ১৩টি চার ও একটি ছয়ে সাজানো তাঁর ১৩৭ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে নিয়ে যায় সম্মানজনক সংগ্রহের পথে। হিউজেসকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে ডেভিড হাসি ৩৪ রান তুলে আউট হন। এই দুই ব্যাটসম্যানের নৈপুণ্যের ওপর ভর করেই অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ২৪৭ রান।তিলকরত্নে দিলশানকে দিয়ে বোলিং উদ্বোধন করা শ্রীলঙ্কা মূলত অস্ট্রেলিয়ার ব্যাটিংকে বড় সংগ্রহের দিকে যেতে দেয়নি তাদের স্লো বোলারদের কল্যাণেই। দিলশান সাত ওভার বল করে ২২ রান দিয়ে একটি উইকেট পান। রঙ্গনা হেরাথ উইকেটশূন্য থাকলেও তাঁর ১০ ওভারে খরচ ছিল মাত্র ৩৪ রান। এ ছাড়া নুয়ান কুলাসেকেরা ৫৭ ও থিসারা পেরেরা ৩৯ রান দিয়ে তুলে নেন একটি করে উইকেট। সূত্র: রয়টার্স।