সিরিজ জয়ে চোখ অস্ট্রেলিয়ার
জিওফ মার্শ কি আজ থাকবেন পাল্লেকেলেতে? অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ও কোচ এখন আইপিএল দল পুনে ওয়ারিয়র্সের কোচ। অস্ট্রেলিয়ার ক্রিকেটের সঙ্গে সেভাবে সম্পৃক্ত নন। বড় ছেলেকে অনুপ্রেরণা দিতে তবুও উড়ে যেতে পারেন শ্রীলঙ্কায়। ছেলের জীবনে যে আজ অন্যতম স্মরণীয় দিন! শন মার্শের মাথায় উঠবে স্বপ্নের ব্যাগি গ্রিন ক্যাপ। বাবাকে দেখে ক্রিকেটে আসা, বাবার অনুপ্রেরণায় বেড়ে ওঠা। অস্ট্রেলিয়ার ৪২২ নম্বর টেস্ট ক্রিকেটারের (শন) হাতে ব্যাগি গ্রিনটা যদি তুলে দেন ৩৩৩ নম্বর ক্রিকেটার (জিওফ), শনের স্বপ্ন পূরণের দিনটা নিঃসন্দেহে রঙিন হবে আরও।ব্যাগি গ্রিনটা পেয়ে যাওয়ার পর শনের ভাবনাজুড়ে থাকবেন নিশ্চয়ই রিকি পন্টিং। দ্বিতীয় সন্তানের জন্মের সময় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে গেছেন পন্টিং। তাঁর তিন নম্বর পজিশনেই অভিষেক হচ্ছে শনের। ক্যারিয়ারে পন্টিংয়ের কাছাকাছি যেতে পারলেও নিশ্চয়ই নিজেকে ধন্য মনে করবেন। পন্টিংয়ের কীর্তি মাথায় রেখে এই টেস্ট খেলতে নামবেন আরও এক অস্ট্রেলিয়ান। সাত বছর আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারিয়েই টেস্ট অধিনায়কত্বের যাত্রা শুরু হয়েছিল পন্টিংয়ের। ক্লার্কের সামনেও সেই সুযোগ। গলে প্রথম টেস্টে ১২৫ রানে জিতেছে অস্ট্রেলিয়া। পাল্লেকেলেতে জিতলে এক টেস্ট বাকি থাকতেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ জয়। অধিনায়ক ক্লার্কের এখন চলছে ‘হানিমুন পিরিয়ড’। পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ জিতলেন। প্রতিকূল কন্ডিশনে অনায়াস জয় পেলেন গল টেস্টেও। টেস্ট সিরিজ জয়ও খুবই সম্ভব। তাঁর প্রতিপক্ষ অধিনায়কের অবস্থা ঠিক উল্টো। বিশ্বকাপের পর কুমার সাঙ্গাকারা দায়িত্ব ছাড়লে বিকল্পের অভাবে অনেকটা বাধ্য হয়েই নেতৃত্ব দেওয়া হয়েছিল তিলকরত্নে দিলশানকে। কিন্তু দলের মতো তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সও খুব খারাপ। ইংল্যান্ডে হেরে এসেছেন। দেশের মাটিতে লঙ্কানদের হারানো বরাবরই কঠিন। সেই কঠিন কাজটা এবার অনায়াসে করছে ভাঙা-গড়ার মাঝে থাকা অস্ট্রেলিয়াও, যা দেখে ক্রিকেটারদের শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা, ‘কাগজে-কলমে অস্ট্রেলিয়ার চেয়ে আমাদের অনেক ভালো দল মনে হয়। কিন্তু ওরা দারুণ দৃঢ়প্রতিজ্ঞ। বেশির ভাগ ক্রিকেটারের নিবেদনের ঘাটতি দেখে আমি হতাশ।’পন্টিংয়ের বদলে মার্শ—অস্ট্রেলিয়ার একাদশে পরিবর্তন একটিই। প্রথম বলে উইকেটসহ অভিষেকে ৫ উইকেট পাওয়া অফ স্পিনার নাথান লায়নকে ঘিরে স্পিন সমস্যা সমাধানের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের দ্বিতীয় বলে উইকেট পাওয়া পেসার ট্রেন্ট কোপল্যান্ড পরে আর উইকেট না পেলেও ধরে রেখেছেন জায়গা। আগের টেস্টে শ্রীলঙ্কাকে ভুগিয়েছে ব্যাটিং, তবে পরিবর্তন আসছে বোলিংয়ে। গলে বিস্ময়করভাবে বাদ পড়া অজন্তা মেন্ডিস ফিরছেন সুরাজ রণদিভের জায়গায়। হাঁটুতে চোট পাওয়া চানাকা ভেলেগেদারা ফিট না হলে অভিষেক হবে শামিন্দা ইরাঙ্গার। ওয়েবসাইট।