সিরিজ জয়ে বাংলাদেশের চাই ২১২ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দাপুটে পারফরমেন্স দেখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। মাহমুদউল্লাহ, ইলিয়াস সানিদের ঘূর্ণিজাদুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল সফরকারীরা। কিন্তু শেষ পর্যায়ে অধিনায়ক ড্যারেন স্যামির লড়াকু ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ২১২ রান সংগ্রহ করে ক্যারিরীয়রা। ৬২ বলে ৬০ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন স্যামি। বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ। দুটি করে উইকেট পেয়েছেন ইলিয়াস সানি ও আবদুর রাজ্জাক।পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের এই চতুর্থ ওয়ানডে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তাঁর সিদ্ধান্তের যথার্থতা বেশ ভালোমতোই প্রমাণ করেছেন বাংলাদেশের বোলাররা। ক্রিস গেইল বিধ্বংসী রূপ ধারণ করার আগেই তাঁকে সাজঘরে ফেরান মাশরাফি। এ নিয়ে সিরিজে টানা তিন ম্যাচে ক্যারিবীয় এই বিধ্বংসী ব্যাটসম্যানকে ফেরালেন মাশরাফি। গেইল আউট হন ১৬ রান করে। মারলন স্যামুয়েলসকে (২৭) ফিরিয়েছেন ইলিয়াস সানি। কাইরন পাওয়েলকেও (২৬) ফেরান তিনি। রানের খাতা খোলার আগেই ডোয়াইন স্মিথকে বোল্ড করেন আবদুর রাজ্জাক। কাইরন পোলার্ডকে (২) ফেরান মাহমুদউল্লাহ। সপ্তম উইকেটে ৪৩ রানের জুটি গড়ে খানিকটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি ও ড্যারেন ব্রাভো। ৪৩তম ওভারে এই জুটি ভাঙেন সোহাগ গাজী। ৩৪ রান করে আউট হন ব্রাভো। এর পর খুব অল্প সময়ের ব্যবধানেই সাজঘরের পথ ধরেন পারমাউল ও সুনিল নারাইন। অধিনায়ক ড্যারেন স্যামি শেষ সময় পর্যন্ত চেষ্টা করে গেছেন দলীয় সংগ্রহটা বড় করার। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ব্যাট করতে নেমে ৬০ রানের চমত্কার অধিনায়কোচিত এক ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে বেশ কয়েকটি ক্যাচ মিস না করলে ওয়েস্ট ইন্ডিজকে হয়তো আরও কম রানের মধ্যে আটকে রাখতে পারত বাংলাদেশ।এ ম্যাচে টস জেতাটা সমর্থকদের জন্য বড় স্বস্তির। দিবা-রাত্রির ম্যাচের দ্বিতীয় ভাগে মাঠ শিশিরভেজা থাকে। এ কারণে পরে বল করা দলকে সমস্যায় পড়তে হয়। স্পিনাররা বল ঠিকমতো গ্রিপ করাতে পারেন না।শিশির যে ম্যাচে বড় নিয়ামক হয়ে উঠতে পারে, মিরপুরের রেকর্ডই এর প্রমাণ। শেরেবাংলা স্টেডিয়ামে ৩৪টি দিবা-রাত্রির ম্যাচে ২২টিতেই জিতেছে আগে ফিল্ডিং করা দল। পরে ফিল্ডিং করা দল জিতেছে ১২টি। এই ১২টির তিনটি আবার জুনে, একটি করে এপ্রিল ও অক্টোবরে, শিশির যখন খুব বেশি পড়ে না। বাংলাদেশের জন্য রেকর্ডটা আরও করুণ। মিরপুরে দিবা-রাত্রির ম্যাচে ১৩ বার পরে ফিল্ডিং করে জয় মাত্র একটি, তা-ও আয়ারল্যান্ডের বিপক্ষে। পরশুর ম্যাচটাকে তাই ব্যতিক্রমী বলা যায়। রাতের শিশির স্পিনারদের ভোগাবে, এটাই স্বাভাবিক।আজ শুধু একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পেসার রুবেল হোসেনের জায়গায় নির্বাচকেরা দলে এনেছেন ইলিয়াস সানিকে। ওয়েস্ট ইন্ডিজ দলেও একটি পরিবর্তন এসেছে। রবি রামপলের জায়গায় খেলছেন কেমার রোচ।