সিরিজ জয়ের আশায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জন্য সতর্কবার্তা উচ্চারণ করেই দুবাই থেকে ঢাকার বিমান ধরেছেন মিসবাহ-উল-হক। পাকিস্তানি অধিনায়কের আশা, মরুর দেশে পাওয়া জয়ের ধারা অব্যাহত থাকবে বাংলাদেশেও। কাল সন্ধ্যায় ঢাকা পৌঁছে সিরিজ জয়ের লক্ষ্যের কথা বলেছেন দলের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও।একমাত্র টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় দিয়ে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করেছে পাকিস্তান। মিসবাহ-উল-হক অধিনায়ক হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলা দলটি অবশ্য হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশকে। জয়োৎসব সেরেই মিসবাহ বলেছিলেন, ‘আশা করছি, আমার দল বাংলাদেশ সফরে আরও উন্নতি করবে ও আরও বেশি ধারাবাহিক হবে। তবে অন্য সফরের মতো এ সফরটাও সহজ হবে না।’ কাল ঢাকায় পৌঁছে বিমানবন্দরে একই কথা বললেন হাফিজও, ‘আমরা পেশাদার দল, সব দলকেই সমান চোখে দেখি। তা ছাড়া নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুবই ভালো দল।’শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির সিরিজ খেলে স্বাভাবিকভাবেই ক্লান্ত থাকার কথা বাংলাদেশে আসা পাকিস্তান দলটার। তবে হাফিজ বলছেন অন্য কথা, ‘আমরা ক্লান্ত নই। সবাই বরং খেলাটা উপভোগই করছে। বাংলাদেশে ভালো খেলার জন্য উদগ্রীব আমরা।’ আর সেই ভালো খেলার একটাই পরিণতি চান তিনি—সিরিজ জয়।হাফিজের এতটা আত্মবিশ্বাসী হয়ে ওঠায় আছে শহীদ আফ্রিদির দলে ফেরার ভূমিকাও, ‘আফ্রিদির প্রত্যাবর্তন দলের সবার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সে একাই পারে একটা ম্যাচ ঘুরিয়ে দিতে। এমন খেলোয়াড় দলে থাকাটা সব সময়ই ভালো।’গত বছরের অক্টোবরে মিসবাহ টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর থেকে পাকিস্তান কোনো টেস্ট সিরিজ হারেনি। আফ্রিদির কাছ থেকে ওয়ানডে দলের দায়িত্ব নেওয়ার পর ১০টি ওয়ানডের মাত্র একটিতেই হেরেছেন মিসবাহ। এ বছরও আশ্চর্য রকম ধারাবাহিক পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবির টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তানের জয় সেই ধারাবাহিকতা মেনেই।দলের জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক। তাঁর অপরাজিত ৪৮ রানেই তিন বল হাতে রেখেই ১৪২ রানের লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। মিসবাহর ৩৮ বলের ইনিংসটিতে ছিল ৩টি চার ও ১টি ছয়। শেষ ২ ওভারে ২৩ রান দরকার ছিল পাকিস্তানের, শেষ ওভারে ৯। দিলহারা ফার্নান্ডোর করা ১৯তম ওভারে দুটি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আফ্রিদি।এর আগে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের শুরুতে ছিল বড় রানের ইঙ্গিত। প্রথম ৯ ওভারে ৮৫ রান করে তারা। শ্রীলঙ্কা পথ হারায় আইজাজ চিমার বোলিংয়ে। ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা এই পাকিস্তানি পেসার। লঙ্কানদের শেষ ৭ উইকেটে পড়েছে মাত্র ৫৪ রানে। দুঃসময়টা শুধু দীর্ঘই হচ্ছে তিলকারত্নে দিলশানের!