দক্ষিণ আফ্রিকা টেস্টে সর্বশেষ অ্যাওয়ে সিরিজ হেরেছে ২০০৬ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। এর পর কেটে গেছে সাত বছর। খেলেছে ১০টি অ্যাওয়ে সিরিজ। কিন্তু হার দক্ষিণ আফ্রিকানদের ছুঁতে পারেনি। অবশেষে দক্ষিণ আফ্রিকা শিবিরে পেয়ে বসেছে অ্যাওয়ে সিরিজ হারের শঙ্কা।
আজ দুবাইতে শুরু হচ্ছে দ্বিতীয় বা শেষ টেস্ট। সিরিজ বাঁচাতে হলে এই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে জিততেই হবে। গ্রায়েম স্মিথের
দল পারবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচাতে?
প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও করা যায়, পাকিস্তান পারবে দক্ষিণ আফ্রিকাকে প্রায় ভুলে যাওয়া অ্যাওয়ে সিরিজ হারের তেতো স্বাদ উপহার দিতে? অধিনায়ক মিসবাহ-উল-হক অবশ্য সিরিজ জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। প্রথম টেস্টের পারফরম্যান্সই আত্মবিশ্বাস জোগাচ্ছে মিসবাহকে।
ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বিশ্বসেরা দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে প্রথম টেস্ট পাকিস্তান জিতেছে ৭ উইকেটে। সাঈদ আজমলের সঙ্গে আবুধাবিতে স্পিনের ভেলকি দেখিয়েছেন অভিষিক্ত জুলফিকার বাবরও। দক্ষিণ আফ্রিকাকে ২৪৯ ও ২৩২ রানে ধসিয়ে দিতে দুই স্পিনার নেন ১১ উইকেট। ৮ উইকেট নিয়ে দুই পেসার মোহাম্মদ ইরফান, জুনাইদ খানও কম যাননি।
দুবাই টেস্টে তাই দক্ষিণ আফ্রিকা নয়, আক্ষরিক অর্থেই ফেবারিট তকমাটা থাকছে পাকিস্তানের গায়ে। পাকিস্তান নামছে দল অপরিবর্তিত রেখে। ড্র করলেই চলবে, তবে মিসবাহ বলছেন জয়ের জন্যই নামবেন তাঁরা, ‘আমরা ফল চাই। আপনি নেতিবাচকতাকে মনে স্থান দিতে পারেন না, তা আপনাকে ভালো ফল দেবে না। আমরা ইতিবাচক থাকতে চাই।’
প্রথম টেস্টে হেরে এমনিতেই চাপে দক্ষিণ আফ্রিকা। তার ওপর দুবাইতে অধিনায়ক স্মিথ দলে পাচ্ছেন না বিশ্বসেরা ব্যাটসম্যান-বোলার হাশিম আমলা ও ডেল স্টেইনকে। অনাগত সন্তানের জন্য আমলা ছুটে গেছেন দেশে সন্তানসম্ভবা স্ত্রীর কাছে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন স্টেইন। দলের সেরা দুই অস্ত্রকে একসঙ্গে হারানোটা অবশ্যই বড় হতাশার। দক্ষিণ আফ্রিকা দলে আজ পরিবর্তন আসতে পারে আরও একটি। প্রথম টেস্টে মাত্র ১ উইকেট নেওয়া স্পিনার রবিন পিটারসনের জায়গা নিতে পারেন পাকিস্তানি বংশোদ্ভূত ইমরান তাহির। আমলার বিকল্প বাঁহাতি ডিন এলগার, স্টেইনের ররি ক্লেইনভেল্ট। তার পরও জয়ের ব্যাপারে আশাবাদী স্মিথ, ‘আমরা এমন অবস্থায় কমই পড়েছি। তবে আমরা আমাদের যে মানদণ্ডে নিয়ে গেছি, ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে। এটাই আমাদের অনুপ্রাণিত করছে। সত্যিই সামনের ম্যাচটা জয়ের জন্য আমরা অনুপ্রাণিত। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।’ ওয়েবসাইট।