সিরিজ জয়ের চ্যালেঞ্জ
দুই রকম কথাই বললেন জেমি সিডন্স— নিউজিল্যান্ড চাপে আছে। আমরা চেষ্টা করব কাল (আজ) প্রথম বল থেকেই ওদের আরও চাপে ফেলতে। দেখা যাক কী হয়..., তবে ছেলেরা নিউজিল্যান্ডকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। আমার ধারণা, তারা ফিরে আসবে। শুভ (মোহাম্মদ সোহরাওয়ার্দী) এবং নাফীসকে (শাহরিয়ার) তারা দেখেছে। ওদের আটকাতে নিশ্চয়ই শক্ত পরিকল্পনা আঁটবে নিউজিল্যান্ড।বাংলাদেশের সামনে আজ মূল চ্যালেঞ্জটা কী, সেটা কোচের কথার সারমর্মই বলে দিচ্ছে। বাংলাদেশ চায় আজই সিরিজ মুঠোয় পুরে ফেলতে। তবে বাধার কঠিন প্রাচীর অবশ্যই তুলতে চাইবে নিউজিল্যান্ড। আজ কিংবা শেষ ম্যাচেও সিরিজ জয়টা তাই সহজ হবে না বাংলাদেশের জন্য।বাংলাদেশ ২-০-তে এগিয়ে থাকলেও অধিনায়ক সাকিব আল হাসানের দাবি, নিজেদের সেরা খেলাটা এখনো বাকি। সিরিজ জয়ের জন্য এই সেরা খেলাটাই দলের কাছে চাইছেন কোচ। কাল সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের কঠোর অনুশীলনটাকে সেটির আদর্শ প্রস্তুতি হিসেবে নিচ্ছেন তিনি। কিন্তু প্রস্তুতি এক জিনিস আর সেটাকে কাজে লাগানো আরেক জিনিস। সিডন্সের কাছে সেরা খেলার শর্ত কিছু জায়গায় উন্নতি আনা এবং ম্যাচে কিছু কৌশল মেনে চলা—যেখানে উন্নতি করতে হবে: ‘কোনো কোনো ব্যাটসম্যান দ্রুত রান তুলতে পারছে না। অনেকের স্ট্রাইক রেটও ভালো না। এসব জায়গায় উন্নতি আনতে হবে। পাওয়ার প্লের বোলিং, পাওয়ার প্লের শেষ ৫ ওভার...এসব ক্ষেত্রেও উন্নতির দরকার আছে। সেটা করতে পারলে আমাদের পক্ষে যেকোনো দলকে হারানো সম্ভব।’যে কৌশল অবলম্বন করতে হবে: ‘দক্ষতার প্রয়োগ ঘটাতে হবে। আজ (গতকাল) সকালে এটারই অনুশীলন করেছি আমরা। আশা করি, ফাস্ট বোলাররা তাদের কাজ ঠিকভাবে করতে পারবে। আমি চাই না পাওয়ার প্লের সময় স্পিনাররা বল করুক। কাজটা ফাস্ট বোলারদের। আগের ম্যাচে পায়ের পেশিতে টান পড়ায় অনেকটা সময় বাইরে ছিল শফিউল। দুই স্পিনারকে তাই পাওয়ার প্লেতে অনেক বেশি বল করতে হয়েছে। এটা আরেকবার হতে দেওয়া যাবে না।’সংবাদমাধ্যমে বলা এই কথাগুলো সিডন্স দলের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন মন্ত্র হিসেবে এবং সেই মন্ত্রটা নিচ্ছেন ক্রিকেটাররাও। আগের ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও উইকেটে রকিবুল হাসানের সময়ক্ষেপণ অনেকের বিরক্তির কারণ হয়েছিল। রকিবুলের যুক্তি, ‘তাড়াহুড়ো করতে গিয়ে যদি আরও উইকেট পড়ত! সে জন্যই তো আমি চেয়েছিলাম সময় নিয়ে ধীরেসুস্থে জিতি। হাতে তো ওভার ছিলই।’ তবে কোচের কথাও মানছেন বাংলাদেশ দলের এই মিডল-অর্ডার ব্যাটসম্যান, ‘প্রয়োজনের সময় নিশ্চয়ই আমি আরও দ্রুত রান করব...।’পাওয়ার প্লের বোলিং নিয়ে কোচের দর্শন পেসার রুবেল হোসেনেরও, ‘পাওয়ার প্লের সময় আসলে পেসারদেরই বল করা উচিত। স্পিনারদের জন্য কাজটা কঠিন হয়ে যায়।’ বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকও বলছেন, ‘পাওয়ার প্লেতে বল দিলে আমি করতে পারি, এটা কোনো সমস্যা না। তবে কোচের কথাটা ঠিক। বিশেষ করে ব্যাটিং পাওয়ার প্লেতে পেসাররা বল করলে ভালো। আমি বা সাকিব তখন মাঝের ওভারগুলোয় কাজ করতে পারি।’ পাওয়ার প্লেতে বোলিংয়ের জন্য পেসারদের কিছু কৌশলও ঠিক করে দিয়েছেন বোলিং কোচ ইয়ান পন্ট। কৌশল আসলে একটাই, বোলিংয়ে বৈচিত্র্য আনা। সেটা ইয়র্কার আর স্লোয়ার দিয়েই বেশি করার পরামর্শ পক্ষ থেকে। সঙ্গে যার যে অস্ত্রটা বেশি ভালো, পন্ট আশা করছেন সেটার জুতসই প্রয়োগও।সিরিজ জয়ের চ্যালেঞ্জের আগে নিজেদের ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জটাও তাই এসে পড়ছে বাংলাদেশের সামনে। সেই চ্যালেঞ্জ টপকে ইতিহাস গড়ার কাজটা কি হয়ে যাবে আজই? মিরপুরে কাল মাইক্রোম্যাক্স ওডিআই কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে উঁচিয়ে ধরা ট্রফিটা বাড়তি প্রেরণা হতে পারে সাকিব আল হাসানের জন্য। কিন্তু সাকিব যে বলছেন, ট্রফিতে হাত দিয়েও বাড়তি কোনো রোমাঞ্চ অনুভব করেননি তিনি!নিউজিল্যান্ড অধিনায়কের পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য নয়, চকচকে ট্রফিটা হয়তো একান্ত নিজেদের করেই উঁচিয়ে ধরতে চান বাংলাদেশ অধিনায়ক।