সিরিজ জয়ের পথে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ উদ্ধার পেয়েছিল স্যামুয়েলস-স্যামি জুটিতে। আজ ট্রেন্টব্রিজ টেস্টের চতুর্থ দিনে এই দুজনের দিকেই তাকিয়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ৬১ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে নিশ্চিত হারের মুখে দলটি। তৃতীয় দিন শেষে ক্রিজে ছিলেন স্যামি ও স্যামুয়েলসই। মাত্র ৩ রানে এগিয়ে থাকা ক্যারিবীয়রা ইংল্যান্ডের সামনে কত রানের লক্ষ্য দিতে পারে, সেটাই দেখার। ইংল্যান্ডকে ৪২৮ রানে বেঁধে রেখে বোলাররা ভালোভাবেই ম্যাচে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু ব্যাটিংয়ে সেই ব্যর্থতারই গান। মাত্র ৫৮ রানের লিড নিয়েও তৃতীয় দিন শেষে তাই ইংল্যান্ড পাচ্ছে সিরিজ জয়ের ঘ্রাণ। টিম ব্রেসনানের রিভার্স সুইংয়েই হাবুডুবু খেয়েছে চন্দরপলরা। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া ব্রেসনান এই ইনিংসেও পেয়েছেন ৩ উইকেট। এর আগে দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ফিরে এসেছিলেন প্রবল বিক্রমে। স্ট্রাউস সেঞ্চুরিটাকে ১৪১ পর্যন্ত টেনে নিয়ে গেলেও নিয়মিতই উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। সপ্তম ব্যাটসম্যান হিসেবে যখন অধিনায়ক আউট হলেন, ইংল্যান্ড তখনো পিছিয়ে ৭ রানে।শেষ পর্যন্ত যে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৫৮ রানের লিড নিতে পারল, তা দুই বোলার ব্রেসনান ও ব্রডের ব্যাটিংয়ে। অষ্টম উইকেটে এই দুজন যোগ করলেন ৫৩ রান। বড় লিড নেওয়ার সম্ভাবনা নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড চা-বিরতির ঠিক আগে গুটিয়ে গেল ৪২৮ রানে।কাল প্রথম সেশনেই ইংল্যান্ডের চারটি উইকেট তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় নতুন বলটা খুব ভালো কাজে লাগিয়েছেন ক্যারিবীয় পেসাররা। আগের দিন ৮টি নো-বল করা কেমার রোচ ১৬ বলের মধ্যে ৬ রানে তুলে নেন ২ উইকেট। ইংল্যান্ড হয়ে যায় ৫ উইকেটে ৩০৮। নতুন বল হাতে পাওয়ার পর চতুর্থ বলেই ইয়ান বেলকে এলবিডব্লু করেন রোচ। তবে আগের দিন নো-বলের বন্যা বইয়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিয়ানরা কালও উদার ছিল এ ব্যাপারে। ১৯টি নো-বলসহ অতিরিক্ত রানই এসেছে ৪১, যা ইংল্যান্ডের ইনিংসে তৃতীয় সর্বোচ্চ। ওয়েবসাইট।