দুই দলের লক্ষ্যই সিরিজ জয়। তবে আজকের অলিখিত ফাইনালে জেতার তাড়নাটা মিগনন ডু প্রিজের দলেরই বেশি থাকার কথা। বাংলাদেশ সফরটা যে তাদের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আত্মবিশ্বাস সংগ্রহের সফর।তিন ওয়ানডের সিরিজে এখন ১-১-এ সমতা। আজ যে জিতবে, সিরিজ তাদেরই। প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুনের উপলব্ধি, সিরিজ জিততে ব্যাটিংটা আরও ভালো হওয়া জরুরি। সঙ্গে শর্ত হিসেবে আসছে ফিল্ডিংয়ে উন্নতিও, ‘আমাদের ফিল্ডিংয়ে আরও উন্নতি দরকার। দ্বিতীয় ম্যাচে আমরা অনেকগুলো ক্যাচ ফেলেছি।’ফিল্ডিং নিয়ে অসন্তোষ থাকতে পারে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের অধিনায়ক মিগনন ডু প্লিজেরও। তবে সিরিজ জিততে ব্যাটিংয়ের ওপরই বেশি জোর দিচ্ছেন তিনি, ‘প্রথমে ব্যাট করলে জয়ের জন্য অন্তত ১৮০ রান করতে হবে।’বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা আজ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজ সরাসরি সম্প্রচারেরও চেষ্টা চালাচ্ছে দুটি চ্যানেল। ১১, ১২ ও ১৪ সেপ্টেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মেয়েরা।দক্ষিণ আফ্রিকার মেয়েরা অবশ্য টি-টোয়েন্টি সিরিজের পরও আরও এক সপ্তাহ থাকবে বাংলাদেশে। উদ্দেশ্য, উষ্ণ আবহাওয়ায় শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।