শ্রীলঙ্কা-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে ২০৯ রানের বিশাল জয়ের বাড়তি আত্মবিশ্বাস তো আছেই, মাঠে নামার আগে শ্রীলঙ্কানরা অনুপ্রাণিত আরও বড় এক উপলক্ষে। তাদের সামনে প্রায় তিন বছর পর টেস্ট সিরিজ জয়ের হাতছানি!শ্রীলঙ্কা সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ২০০৯ সালে, নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপর খেলেছে ৮টি টেস্ট সিরিজ। এর পাঁচটি সিরিজেই হেরেছে, ড্র বাকি তিন সিরিজে। টেস্ট সিরিজ জয় তাই শ্রীলঙ্কানদের কাছে প্রায় বিস্মৃত ঘটনা! সতর্ক শ্রীলঙ্কাও নামছে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে।অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের কণ্ঠে বাজছে সিরিজ জয়ের প্রত্যাশা, ‘আমরা ইতিবাচক। আরও দুটি ম্যাচ আছে। আমাদের দরকার গল টেস্টকে পেছনে রেখে উন্নতিটা ধরে রাখা। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং—তিন বিভাগেই আমাদের আরও বেশি ধারাবাহিক হতে হবে।’তবে শ্রীলঙ্কার একটা শঙ্কাও আছে। এর আগেও দুবার সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েও তারা পারেনি। ২০১০ সালে ভারতের বিপক্ষে এই গলেই প্রথম টেস্ট জিতে শ্রীলঙ্কা এগিয়ে যায়। কিন্তু কলম্বোর পি সারা ওভালে তৃতীয় টেস্ট জিতে সমতা ফেরায় ভারত। এ বছর মার্চ-এপ্রিলে ইংল্যান্ডের বিপক্ষেও একই ঘটনা। গলের প্রথম টেস্টে জেতার পর পি সারা ওভালে হেরে দুই ম্যাচের সিরিজ ড্র করে জয়াবর্ধনের দল। তবে জয়াবর্ধনেদের জন্য আশার কথা, এবার দ্বিতীয় টেস্টটি হচ্ছে তাদের পয়া ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। যেখানে ২০০৪ সালের পর টেস্ট হারেনি শ্রীলঙ্কা। এই সময়ে ১১ টেস্টের ছয়টিতেই তারা জিতেছে।তা মাঠ যতই পয়া হোক, শ্রীলঙ্কার সিরিজ জয়ের স্বপ্নে জল ঢেলে দিতে চায় পাকিস্তান। নিজেদের সাম্প্রতিক অতীতই পাকিস্তানকে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছে বেশি। সর্বশেষ চারটি সিরিজেই তারা জিতেছে। অপরাজিত সর্বশেষ সাত সিরিজেই। পাকিস্তান দলকে উজ্জীবিত করবে অধিনায়ক মিসবাহ-উল-হকের প্রত্যাবর্তনও। নিষেধাজ্ঞার কারণে গল টেস্টে খেলতে পারেননি মিসবাহ। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন হাফিজ। দলকে সঠিক পথে পরিচালনার বিষয় তো আছেই, মিসবাহ ফেরায় মিডল-অর্ডারে পাকিস্তানের নির্ভরতা বাড়ছে। প্রথম টেস্টে ব্যাটিংই ডুবিয়েছে পাকিস্তানকে। ওয়েবসাইট।