সিরিজ জয়ের সামনে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্বরে জোরালো আবেদন। আম্পায়ারের দিকে না দিয়ে উদ্যাপন প্রায় শুরুই করে দিয়েছিলেন ইশান্ত শর্মা। উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনিকেও মনে হচ্ছিল বেশ আত্মবিশ্বাসী। কিন্তু সাড়া দিলেন না আম্পায়ার। নাকচ হয়ে গেল ক্যাচের আবেদন। রিপ্লে পরিষ্কার কিছু দেখাতে পারেনি। বেঁচে গেলেন জোনাথন ট্রট।ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৬২তম ওভারের ঘটনা। ট্রট তখন ব্যাট করছিলেন ৪৩ রানে। দিনে আরও ১৭ ওভার খেলা হয়েছে। ৬৬ রানে অপরাজিত থেকে ফিরে ট্রট যেন নিশ্চিতই করে দিয়েছেন এই ম্যাচের ভাগ্য। আজ শেষ দিনের প্রথম সেশনে ভারতীয় বোলাররা দুর্দান্ত কিছু না করলে প্রায় তিন দশক পর ভারতের মাটিতে সিরিজ জয় একরকম নিশ্চিত করে ফেলবে অ্যালিস্টার কুকের দল। হাতে ৭ উইকেট নিয়ে ১৬৫ রানে এগিয়ে ইংল্যান্ড।এই উইকেটে রান করা কঠিন, কিন্তু রানের পেছনে না ছুটে টিকে থাকা যায়। একটা-দুটো বল হঠাৎ হঠাৎ নিচু হয়ে আসছে। কিন্তু ইয়ান বেলের সঙ্গে চতুর্থ উইকেটের অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটিটায় নিজেদের উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছেন ট্রট। উইকেট আঁকড়ে ধরে থাকাই তাঁদের মিশন। কাজটা হয়তো সুন্দর কিছু নয়। কিন্তু সৌন্দর্য বাঁচানোর দায় তো ইংল্যান্ডের নয়।৯ উইকেটে ৩২৬ রান তুলেই প্রথম ইনিংস ঘোষণা করেছেন ধোনি। এই ঘোষণায় চমক ছিল। ছিল চ্যালেঞ্জের সুর। আর ছিল সিরিজে ফেরার শেষ মরিয়া চেষ্টা। ৯৪ রানের মধ্যে টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে তুলে নিয়ে ভারতীয় বোলাররা ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিতও দিয়েছিলেন। ট্রটের বিপক্ষে সেই জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দিলে কী হতো বলা মুশকিল। কিন্তু এই টেস্টের এখন একটাই ভবিষ্যৎ সবচেয়ে উজ্জ্বল—ড্র। এটাই এখন সিরিজে ২-১-এ এগিয়ে থাকা ইংল্যান্ডের প্রার্থিত ফল। হুট করে ইনিংস ঘোষণা না করে অশ্বিনকে কয়েক ওভার মেরে খেলার নির্দেশ দিলেই ধোনি ভালো করতেন কি না, এই আলোচনাও এখন হচ্ছে। এই সিরিজে সবচেয়ে সফল ভারতীয় ‘ব্যাটসম্যান’দের একজন অশ্বিন। বীরেন্দর শেবাগ (২৫৩), গৌতম গম্ভীরদের (২৫১) কাছাকাছি রানই (২৪৩) তুলেছেন। ইনিংস ঘোষণার সময়ও ২৯ রানে অপরাজিত ছিলেন। ৪ রানে পিছিয়ে থেকেও ধোনির ইনিংস ঘোষণাকে কিন্তু দুর্দান্তই মনে হচ্ছিল রবীন্দ্র জাদেজা যখন কেভিন পিটারসেনকে বোল্ড করলেন। আরও একবার বাঁ হাতি স্পিনের জুজুতে কাবু কেপি। যদিও ওঝার নিরীহ গোছের বলটিতে যন্ত্রমন্ত্রের কোনো ঝাড়ফুঁক ছিল না। কেপির আগে ফিরেছেন দুই ওপেনারও। কিন্তু বেলকে নিয়ে আর বিপদ বাড়াতে দেননি ট্রট। ওয়েবসাইট।