সিরিজ ড্র করল উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক তারকা ক্রিকেটারের চোটাঘাতে একাদশ গড়তেই হিমশিম খেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। কোনোমতে ভাঙাচোরা একটা দল নিয়ে কাল হ্যামিল্টনে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। আর এই দলটাই সেডন পার্কে সিরিজের পঞ্চম বা শেষ ম্যাচে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে।

কার্ক এডওয়াডর্স প্রথম ও অধিনায়ক ডোয়াইন ব্রাভো পেয়েছেন দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। এই দুজনের সেঞ্চুরির সঙ্গে ওপেনার কাইরান পাওয়েলের ৭৩ রানের ঝোড়ো ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে তুলে নেয় ৪ উইকেটে ৩৬৩ রানে। ওয়ানডেতে এটাই ক্যারিরীয়দের সর্বোচ্চ রান; আগের সর্বোচ্চ ছিল ৩৬০ (১৯৮৭, বিপক্ষ শ্রীলঙ্কা)।

৩৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হুড়মুড়িয়ে নিউজিল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১৬০ রানে। ২০৩ রানের বিশাল জয়ে ওয়েস্ট ইন্ডিজ বাঁচিয়েছে সিরিজ (২-২)। রানের হিসাবে এটা ক্যারিবীয়দের তৃতীয় বৃহত্তম জয় এবং নিউজিল্যান্ডের দ্বিতীয় বড় হার।

টিম সাউদিকে টানা দুই চার মেরে পাওয়েল ঝড়ের আভাস দিয়েছিলেন ম্যাচের প্রথম ওভারেই। সেই ধারা ধরে রেখে ১২ ওভারেই ৯৫ রান। তবে ৪৪ বলে ৭৩ রান করে পাওয়েল ফিরে যাওয়ার পর ক্যারিবীয়দের রানের চাকায় লাগাম পড়ে। ২৪ ওভারে তাই ৩ উইকেটে ১৪৩। এরপর চতুর্থ উইকেটে এডওয়ার্ডস-ব্রাভোর ২১১ রানের বিস্ফোরক জুটি। মাত্র ২৫ ওভারে। ৫৪ বলে ফিফটি, ৭৯ বলে সেঞ্চুরি ছোঁয়া ব্রাভো শেষ পর্যন্ত ৮১ বলে ১০৬ রান করে আউট হলেও এডওয়ার্ডস মাঠ ছেড়েছেন ১০৮ বলে অপরাজিত ১২৩ রান করে। দুজনেই চার মেরেছেন সমান ১২টি করে। তবে এডওয়ার্ডস ছক্কা মেরেছেন ৪টি, ব্রাভো ৩টি। ৫৪তম ম্যাচে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা ব্রাভোকে দ্বিতীয় সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছে ১০০ ম্যাচ আর সাত বছর! প্রথম সেঞ্চুরিটা করেছিলেন ২০০৬ সালে। তথ্যসূত্র: ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩৬৩/৪ (এডওয়ার্ডস ১২৩*, ব্রাভো ১০৬, পাওয়েল ৭৩, চার্লস ৩১; উইলিয়ামসন ১/৩০, নাথান ১/৬৪, অ্যান্ডারসন ১/৭৭)। নিউজিল্যান্ড: ২৯.৫ ওভারে ১৬০ (অ্যান্ডারসন ২৯, মিলস ২৬; মিলার ৪/৪৫, রাসেল ২/৩১, হোল্ডার ২/৩৫, ব্রাভো ১/১২)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ২০৩ রানে জয়ী। সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ড্র। ম্যান অব দ্য ম্যাচ: ডোয়াইন ব্রাভো।