ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্রিকেটে বহুল প্রচলিত কথাটা কাল বেনোনিতে আরেকবার প্রমাণিত হলো। ব্যক্তিগত এক রানে ক্যাচ দিয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু জুনাইদ খানের বলে প্রথম স্লিপে ক্যাচটি ফেলে দেন ইউনুস খান। সেই ডি ভিলিয়ার্স ৯৫ রান করে অপরাজিত থেকে গেলেন। তাতে ‘ফাইনালে’ রূপ নেওয়া শেষ ম্যাচে ৬ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা সিরিজও জিতে নিল ৩-২-এ।দু-দুবার পিছিয়ে পড়েও সমতা ফেরানো পাকিস্তান ওয়ানডে সিরিজটা জিততে পারলে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের জ্বালাটা একটু কমাতে পারত। কিন্তু জয় দূরে থাক, সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তান গড়তে পারল না প্রতিদ্বন্দ্বিতাই। ময়নাতদন্তে উঠে আসছে ওই ক্যাচ ফেলে দেওয়াটাই।টসজয়ী পাকিস্তান গড়েছিল মাত্র ২০৫ রানের পুঁজি। কাজেই ইউনুস ডি ভিলিয়ার্সের ক্যাচটি নিতে পারলেই পাকিস্তান জিতে যেত, ব্যাপারটা এমন নয়। তবে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তখন চাপে। ডি ভিলিয়ার্সও আউট হলে নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকার চাপটা বাড়ত আরও। সে ক্ষেত্রে যে-ই জিতুক, লড়াইটা অন্তত হতো। বেনোনির দর্শকদের সেই রোমাঞ্চ থেকে বঞ্চিত করেছেন ইউনুস।পুনর্জীবন পাওয়া ডি ভিলিয়ার্সের ব্যাট লড়াইটা করে দিল একপেশে। ৬ ওভার বাকি থাকতেই ৬ উইকেটের জয়। হাশিম আমলার সঙ্গে তাঁর ৪৯ রানের পর ফারহান বেহারডিয়েনের সঙ্গে ৮৭ রানের জুটি। বেহারডিয়েন ফিরে গেলে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক বাকি কাজটুকু সেরেছেন ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে। ৯ চার, ১ ছক্কায় ১১১ বলে ৯৫। ম্যাচসেরার পুরস্কারের পাশাপাশি সিরিজ সর্বোচ্চ ৩৬৭ রান ডি ভিলিয়ার্সকে দিয়েছে সিরিজ-সেরার পুরস্কারও।টস জিতে প্রথমে ব্যাট করা পাকিস্তান চাপে পড়ে যায় ৩১ রানেই দুই ওপেনারকে হারিয়ে। তৃতীয় উইকেটে কামরান আকমল ও ইউনুস খান ৬৬ রানের জুটিতে চাপটা কাটিয়ে ওঠে। কিন্তু হঠাৎই করেই আবার পথ হারিয়ে ফেলা। একপর্যায়ে ১৬২ রানে হারিয়ে ফেলে ৮ উইকেট। তার পরও পাকিস্তান দুই শ পেরোয় দশম ব্যাটসম্যান জুনাইদ খানের ২৫ রানের ইনিংসের কল্যাণে। তথ্যসূত্র: টেন স্পোর্টস, ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ৪৯.১ ওভারে ২০৫ (ফারহাত ১৩, হাফিজ ৫, কামরান ৪৮, ইউনুস ২৯, মিসবাহ ২৪, মালিক ২৮, আফ্রিদি ০, ওয়াহাব ১২, আজমল ১, জুনাইদ ২৫, ইরফান ৪*; স্টেইন ১/৩৩, সতসোবে ১/৪২, মরকেল ২/৩৩, ম্যাকলারেন ৩/৩২, পিটারসন ১/৫১, বেহারডিয়েন ১/১০)।দক্ষিণ আফ্রিকা: ৪৪ ওভারে ২০৮/৪ (আমলা ২২, ডি কক ৩, ইনগ্রাম ১৫, ডি ভিলিয়ার্স ৯৫*, বেহারডিয়েন ৩৫, মিলার ২০*; ইরফান ২/৩৮, জুনাইদ ১/৩০, হাফিজ ১/২৩, ওয়াহাব ০/৪৪, আজমল ০/৩৪, আফ্রিদি ০/২৮)। ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী। দক্ষিণ আফ্রিকা ৩-২-এ সিরিজ জয়ী। ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ: ডি ভিলিয়ার্স।