সিরিজ না জেতা পর্যন্ত বিশ্রাম নেই: ক্লার্ক
অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, ভারতকে হোয়াইটওয়াশ না করার আগ পর্যন্ত তাঁদের কোনো বিশ্রাম নেই।মাইকেল ক্লার্কের অনবদ্য ৩২৯ রানের সুবাদে সিডনিতে ভারতকে ইনিংস ব্যবধানে হারিয়ে যখন অসিদের হাওয়ায় ওড়ার কথা, ঠিক তখনই অস্ট্রেলীয় দলপতির মুখ থেকে বেরিয়ে এল এই প্রত্যয়।‘আমরা এই সিরিজ জিততে চাই। এটাই আসল কথা। শুধু তা-ই নয়, ভবিষ্যতে আমরা যত টেস্ট খেলব, তার সবগুলোতেই জিততে চাই।’ ক্লার্কের গলায় কি একটু আবেগ ঝরে পড়ল না?নিজের আবেগ বুঝতে পেরেই হয়তো ক্লার্ক আবার বললেন, ‘আপাতত পার্থে আরও একটি জয় পেলে খুবই ভালো লাগবে।’ক্লার্কের মতে, সিরিজে এখনো পথ চলার অনেক বাকি। ‘আমাদের এখনো আরও কঠিন পথ পাড়ি দিতে হবে।’ বলেছেন অসি অধিনায়ক। ‘আমরা দুটি টেস্ট জিতলেও আমরা এখনো সিরিজ জিতিনি।’ ক্লার্ক দলের সব খেলোয়াড়কে যেন আসল সত্যিটা মনে করিয়ে দিলেন। ক্লার্ক বলেন, ‘সবাই সাফল্য উপভোগ করে। আজ (পড়ুন গতকাল) রাতটি যেমন আমরা উপভোগ করছি। আমি ব্যক্তিগতভাবে সিডনি টেস্টে নিজের পারফরম্যান্স নিয়েও দারুণ উত্তেজিত। এমন একটি ইনিংস খেলার পর কার না ভালো লাগে !’ নিজের অতিমানবীয় ৩২৯ রান নিয়ে বলছিলেন ক্লার্ক। ওয়েবসাইট।