সিরিজ পাকিস্তানের

প্রথম চার ম্যাচের তিনটিতেই হাফ সেঞ্চুরি। সিরিজের শেষ ম্যাচেও হাফ সেঞ্চুরি তুলে নিলেন মিসবাহ-উল-হক। অধিনায়কের ব্যাটে চড়ে গত রাতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১-এ জিতে নিল সফরকারী দল।
টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহটা একেবারে মন্দ হয়নি। ইনিংসের শেষের দিকে ডোয়াইন ব্রাভো ও ড্যারেন স্যামির ঝোড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ২৪২ রান তোলে ক্যারিবীয়রা। জবাবে ইনিংসের মাত্র এক বল বাকি থাকতে জয়ের দেখা পায় পাকিস্তান।
২৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ হয় পাকিস্তানের। নাসির জামশেদ ও আহমেদ শেহজাদের উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২৩ রানে থাকা জামশেদ। তাঁর জায়গায় খেলতে যাওয়া মোহাম্মদ হাফিজ নিজেকে মেলে ধরতে পারেননি। তিনি ফেরেন ১১ রান করে। দলীয় সংগ্রহ তখন ৬৪ রান। এ পর্যায়ে অধিনায়ক মিসবাহকে নিয়ে প্রতিরোধ গড়েন শেহজাদ। তৃতীয় উইকেটের দেখা পেতে ১২৩ রান পর্যন্ত অপেক্ষা করতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। টিনো বেস্টের শিকার হয়ে ফেরেন ১০০ বলে ৬৪ রান করা শেহজাদ। মিসবাহকে ফেরাতেও সক্ষম হয় ক্যারিবীয়রা, তবে ততক্ষণে জয়ের সুবাস পেয়ে গেছে পাকিস্তান। ম্যাচের মাত্র চার বল বাকি থাকতে আউট হন মিসবাহ। তখন দলীয় সংগ্রহ ৬ উইকেটে ২৪২ রান। পাকিস্তানের জয়সূচক রানটা এনে দেন সাঈদ আজমল (১*)। শহীদ আফ্রিদি অপরাজিত থাকেন ৬ বলে ১৩ রান নিয়ে। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন টিনো বেস্ট।
প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছিল কচ্ছপ গতির। ৪৫ ওভার শেষে সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৭৮ রান। সেখান থেকে বর্তমান অধিনায়ক ডোয়াইন ব্রাভো ও সাবেক অধিনায়ক ড্যারেন স্যামির পাল্টা আক্রমণে আসে ৬৪ রান। পাঁচ চার ও তিন ছক্কায় ২৭ বলে ৪৮ রান করেন ব্রাভো। স্যামির অপরাজিত ২৯ রানের ইনিংসটি ১৮ বলের। এর আগে দলের হয়ে বলার মতো রান পান কেবল জনসন চার্লস (৪৩) ও মারলন স্যামুয়েলস (৪৫)। পাকিস্তানি পেসার জুনায়েদ খান নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান ও সাঈদ আজমল। ম্যাচ ও সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিসবাহ উল-হক। সূত্র: ক্রিকইনফো।