সিরিজ হারল অনূর্ধ্ব-১৯
পারল না বাংলাদেশের যুবারা। বড়রা যেদিন হারারেতে জিম্বাবুয়েকে হারিয়ে দিল টেস্টে, মিরপুরে যুবারা হারল শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের কাছে। প্রথম চার ম্যাচ শেষে সিরিজ ছিল ২-২। পঞ্চম ম্যাচে ৬২ রানে হেরে সিরিজও হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।টস জয়ের পর লঙ্কানদের ১৮৫ রানে অলআউট করে সিরিজ জয়ের সম্ভাবনা ভালোই জাগিয়েছিল বাংলাদেশের তরুণেরা। কিন্তু ভয়াবহ ব্যাটিং-বিপর্যয়ে সেই আশায় গুড়ে বালি পড়েছে। ৩৬ ওভারে ১২৩ রানেই ইনিংস শেষ। বলার মতো স্কোর করেছেন শুধু মেহেদি হাসান (৩৭)। এ ছাড়া সাদমান (১০), জয়রাজ (১১), মোসাদ্দেক (১৮), রাহাতুলরা (১৭*) দুই অঙ্কের ঘরে গিয়ে আউট হয়েছেন। শ্রীলঙ্কার রমেশ মেন্ডিস ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। সিরিজে মাত্র ৩ ম্যাচ খেলেই ১১ উইকেট এই অফ স্পিনারের।এর আগে শ্রীলঙ্কার ১৮৫ রানের ১২০ রানই করেছেন তিন ব্যাটসম্যান রোশান অনুরুদ্ধ (৫১), মিনোদ ভানুকা (৩৭) ও দিনুক বিক্রমানায়কা (৩২)। বাংলাদেশের সেরা বোলার মিডিয়াম পেসার রিফাত প্রধান (৩/২৯)।