সিরিজ হারল সালমার দল
প্রথম টি-টোয়েন্টিতে হার ৯ উইকেটে। কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই ব্যবধানে হেরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। অলরাউন্ডার মারিজান কেপের হ্যাটট্রিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। পচেফস্ট্রুমে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ রান তুলেছে একেবারেই কচ্ছপ গতিতে। হাতে ৯ উইকেট রেখেও শেষ ১২ ওভারে মাত্র ৫০ রান তুলতে পারে সালমার দল। শেষ পর্যন্ত বাংলাদেশের রান ৬ উইকেটে ৮৪। ওপেনার আয়েশা করেন সর্বোচ্চ ৩৪। বাকিদের ব্যর্থতার মিছিলে এক প্রান্ত আগলে রেখে লতা অপরাজিত থাকেন ৩১ রানে। ১৯তম ওভারে রুমানা, রিতু ও ফাহিমাকে আউট করে হ্যাটট্রিক করেন কেপ। ৪ ওভারে ৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকা মহিলা দলের এই মিডিয়াম পেসার। জবাবে দক্ষিণ আফ্রিকা ১১.৩ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ৮৪/৬ (আয়েশা ৩৪, লতা ৩১*; কেপ ৪/৬, সাবনিম ১/১৭, সুনীতি ১/১৬)। দক্ষিণ আফ্রিকা: ১১.৩ ওভারে ৮৫/১ (লি ৩৭, চেত্তি ৩৮*; রুমানা ১/২২)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।