সিরিজ হারল 'এ' দল
আগের ম্যাচের দুই ঝোড়ো সেঞ্চুরিয়ান লুক রাইট ও গ্যারি ব্যালান্স কাল ব্যাটিংয়েই নামলেন না। বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা তাতেও পরিত্রাণ পেলেন না। ইংল্যান্ড লায়ন্স ইনিংসে আবার জোড়া সেঞ্চুরি। ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ডাক পাওয়াটা মাইকেল কারবেরি উদ্যাপন করলেন ১৩২ বলে ১৪৬ রান করে। জেমস টেলর ১০০ বলে করলেন অপরাজিত ১০৬। আগের ম্যাচে ৩৫৩ রানের পর কাল টন্টনে লায়ন্স করল ৩ উইকেটে ৩৬৭। যথারীতি ব্যাটিংয়েও আত্মসমর্পণ এনামুল-মমিনুলদের। ১৭৬ রানে গুটিয়ে ম্যাচ হারল ১৯১ রানে। পাঁচ কাউন্টির কাছে হারার পর বাংলাদেশ ‘এ’ দল লায়ন্সের বিপক্ষে সিরিজ হারল প্রথম দুই ম্যাচেই।
জেমস ভিন্সের (৩০) সঙ্গে ৭০ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে টেলরের সঙ্গে ১৮৫ রানের জুটি কারবেরির। জস বাটলার (২৩ বলে ৪৭*) ও বেন স্টোকসের (৯ বলে ২৩*) ঝড়ে শেষ ১০ ওভারে লায়ন্স তোলে ১১৫। ৯ ওভারে ৯৫ রান দিয়েছেন ইলিয়াস সানি, সোহাগ গাজী ১০ ওভারে ৭৪। বাংলাদেশ ‘এ’ দলের ১৭৬ রানের ইনিংসে একমাত্র ফিফটি জহুরুল ইসলামের (৫৩)। ওয়েবসাইট।