সিরিজ হেরে গেল মেয়েরা
দুজন মিলে তিন-তিনটি সহজ ক্যাচ ফেলেছেন। আর ক্যাচ ফেলা মানে তো ম্যাচ ফেলা। কাঠগড়ায় দাঁড় করানো যায় রিতু মণি ও আয়েশা রহমানকে। কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েও তাঁরা পাল্টা প্রশ্ন ছুড়তে পারেন, ‘ক্যাচগুলো নিতে পারলেও কি জিততাম আমরা?’৬০ রানের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিপক্ষে জেতা অসম্ভবই ছিল। কাল শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিংয়ে প্রতিপক্ষের চেয়ে বাংলাদেশের মেয়েরা এতটাই পিছিয়ে থাকল যে আলাদা করে পরাজয়ের কারণ অনুসন্ধানে নামতে হবে না। তবে একটা প্রশ্ন ওঠেই। সিরিজের প্রথম ম্যাচের অভিজ্ঞতা থেকেই জানা হয়ে গেছে, দক্ষিণ আফ্রিকান বোলারদের পেস আর সুইং বাংলাদেশের মেয়েদের পক্ষে সামলানো কঠিন। অধিনায়ক সালমা খাতুন তার পরও টসে জিতে কেন আগে ব্যাটিং নিলেন, কাল দিনভরই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলল সেই আলোচনা। দিন শেষে সালমা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, ‘গত ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। সেজন্যই এই সিদ্ধান্ত। উইকেটও একেবারে খারাপ ছিল না, ব্যাটিং করা যেত। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি। ওদের বোলাররাও অনেক ভালো বল করেছে।’দলকে শূন্য রানে রেখে ফিরেছেন দুই ওপেনার। ড্রেসিংরুমমুখী মিছিলটা এরপর আর থামেইনি। ৫ রানে তৃতীয় উইকেট, ১২ রানে চতুর্থ, ২৭ রানে পঞ্চম...এই করে করে মাত্র ২৪.১ ওভারে ৬০ রানেই শেষ বাংলাদেশের মেয়েদের ইনিংস। রুমানার ১৬ আর অতিরিক্ত থেকে আসা ১৬ মিলে ৩২। বাকি ১০ ব্যাটসম্যান করেছেন ২৮ রান! দুই অঙ্কে পৌঁছাননি কেউই।পরাজয়ের কারণ হিসেবে ব্যাটিং-ব্যর্থতার কথাই আগে বলেছেন সালমা, ‘আমাদের ব্যাটিংয়ে ঘাটতি আছে। ওপেনাররা কিছুই দিতে পারছে না। সেজন্যই বেশি সমস্যা হচ্ছে।’ এমন ব্যাটিংয়ের পর বিশ্বসেরা ফিল্ডারদের দিয়ে দেয়াল গড়লেও জেতা কঠিন। তার পরও বলা তো যেত, ‘আমাদের ফিল্ডিং ভালো হয়েছে।’ তিন-তিনটি ক্যাচ মিসসহ আরও কিছু মিস ফিল্ডিং সেটা বলতে দিচ্ছে না কালকের ম্যাচে। সালমার চোখে অবশ্য এটাও বাজে ব্যাটিংয়েরই পার্শ্বপ্রতিক্রিয়া, ‘অল্প রানে অলআউট হয়ে যাওয়ায় চাপে ফিল্ডিং খারাপ হয়েছে। এ রকম চাপে খেলার অভ্যাস নেই আমাদের। দু-একজন ছাড়া দলের বেশির ভাগ খেলোয়াড়ই জুনিয়র।’টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ মহিলা দলের বিপক্ষে কাল থেকে তিন ম্যাচের একটা টি-টোয়েন্টি সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা মহিলা দল। পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে অধিনায়ক মিগনন ডু প্রিজ জিততে চাইবেন এই সিরিজও। তবে আপাতত তিনি খুশি উপমহাদেশে দক্ষিণ আফ্রিকান মেয়েদের প্রথম সিরিজ জয়ে, ‘উপমহাদেশে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের এটা প্রথম সিরিজ জয়। গত কয়েক দিনে দলটা যে রকম খেলছে, তাতে আমরা সবাই গর্বিত।’ প্রথম ম্যাচে হারলেও এই কদিনে কন্ডিশনের সঙ্গে দলের সবাই মানিয়ে নিতে পারায় ডু প্রিজ খুশি। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে মনটাকে নতুন করে তৈরি করতে বললেন তিনি সতীর্থদের, ‘এটা নতুন ধরনের খেলা। কাজেই নতুন করে ভাবতে হবে সবকিছু। আমরা চেষ্টা করব ১০০, ১২০ রানের মতো করতে এবং প্রতিপক্ষকে এর কমেই আটকে দিতে।’সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ মহিলা দল: ২৪.১ ওভারে ৬০ (আয়েশা ০, শারমিন ০, রুমানা ১৬, লতা ১, ফারজানা ২, সালমা ৩, নুজহাত ২, রিতু ৮, তাজিয়া ০, জাহানারা ৭*, কুবরা ৫; ইসমাইল ৪/১০, কাপ ২/৫, নিকার্ক ২/২৪)। দক্ষিণ আফ্রিকা মহিলা দল: ২০.৪ ওভারে ৬১/৩ (চেট্টি ৩০*, বেনাডি ২১; জাহানারা ১-০-৫-০, সালমা ৮.৪-২-২০-২, আয়েশা ২-০-০৫-০, কুবরা ৪-০-১৬-১, রুমানা ৫-২-১৫-০)। ফল: দ. আফ্রিকা ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা: শাবনিম ইসমাইল।