সিরিজই হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলছবি: শ্রীলঙ্কা ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। টানা তিন ম্যাচ হেরে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের আশা শেষ হয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ডাম্বুলায় আজ আগে ব্যাট করে লেজের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ১৮৪ রান তোলে মেহেরব হোসেনের দল। রান তাড়ায় ১২২ রানেই ৭ উইকেট হারালেও শেভন ড্যানিয়েল ও ৯ নম্বরে নামা বনুজা সাহান ২০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে।

টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ চাপে পড়ে শুরু থেকেই। প্রথম ওভারেই ওপেনার মাহফিজুল ইসলাম ফেরেন এলবিডব্লু হয়ে। এরপর থেকে নিয়মিত বিরতিতেই পড়েছে উইকেট। আরেক ওপেনার ইফতিখার হোসেন ৩৩ বলে ২৫ এবং চারে নামা আইচ মোল্লা ৪৭ বলে ২৩ রান করলেও বড় জুটি হয়নি। ৭১ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে তারা।

অষ্টম উইকেটে আহসান হাবিবের সঙ্গে আশিকুর রহমানের জুটিতে ওঠে ৩৬ রান। ৫৪ বলে ৩৩ রান করে ফেরেন হাবিব। তবে আশিকুর ও নাইমুর নবম উইকেট জুটিতে যোগ করেন ৭১ রান। ৪৬ বলে ২৭ রান করে হাবিব আউট হলেও আশিকুর অপরাজিত থাকেন ৭৩ বলে ৫৪ রানে। এই ডানহাতি তাঁর ইনিংসে মারেন ৭টি চার।

ব্যাটিংয়ে শেষ দিকের প্রতিরোধের পর বোলিংয়ে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের যুবাদের।
ফাইল ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ভিনুজা রানপুল ৩ উইকেট নেন ৩২ রানে। ৩ উইকেট নিতে ৩৮ রান খরচ করেন লেগ স্পিনার রভিন ডি সিলভা। ২৬ রানে ২ উইকেট নিয়েছেন সাহান, ১টি করে নিয়েছেন ত্রিভিন ম্যাথু ও দুনিথ ওয়েলালাগে।

ব্যাটিংয়ে শেষ দিকের প্রতিরোধের পর বোলিংয়ে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের যুবাদের। ১৪ রানেই আউট হন শ্রীলঙ্কার দুই ওপেনার। তৃতীয় উইকেট জুটিতে শেভন ড্যানিয়েল ও পবন পাথিরাজার ৭৫ রানের জুটি অবশ্য হতাশ করে বাংলাদেশকে।

পাথিরাজা ৩১ রানে আউট হলেও ড্যানিয়েল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১৭ বলে ৮৫ রান করে। মাঝে ৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারালেও শ্রীলঙ্কাকে পার করান ড্যানিয়েলই, সঙ্গে ছিলেন ৫৩ বলে ৩৮ রানে অপরাজিত থাকা সাহান।

আজ একাদশে ফিরেই ৪৬ রানে ৩ উইকেট নেন ডানহাতি পেসার মুশফিক হাসান। ২৪ রানে ২ উইকেট পেয়েছেন এ ম্যাচ দিয়েই একাদশে ফেরা হাবিব, ১টি নিয়েছেন নাইমুর। সিরিজের চতুর্থ ম্যাচ আগামী শনিবার, একই ভেন্যুতে।