ওয়ানডেতে একটা মাইলফলকের সামনে দাঁড়িয়ে ব্যাট করতে নেমেছিলেন মাহেলা জয়াবর্ধনে—নামের পাশে ১৩ রান যোগ করলেই ঢুকবেন দশ-হাজারি রানের ক্লাবে। সনাৎ জয়াসুরিয়ার পর দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে সেটি করেছেনও। কিন্তু এরপর আর দিনটিকে নিজের করে নিতে পারেননি জয়াবর্ধনে। আর মাত্র ৪ রান করেই মুখ গোমড়া করে ফিরেছেন। জয়াবর্ধনের মতো দিনশেষে মুখ গোমড়া ছিল শ্রীলঙ্কা শিবিরেও। কাল দুবাইয়ে তৃতীয় ওয়ানডেতে যে হেরেছে ২১ রানে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল পাকিস্তান। পাকিস্তানের করা ২৫৭ রান তাড়া করতে নেমে ওভারের দ্বিতীয় বলেই বোল্ড ওপেনার উপুল থারাঙ্গা। অবশ্য সেই ধাক্কা ভালোমতোই সামলে নেন আরেক ওপেনার দিলশান (৬৪)। দ্বিতীয় উইকেটে সাঙ্গাকারার সঙ্গে ১০৬ রানের জুটি বেঁধে জয়ের ইঙ্গিতই দিচ্ছিলেন। কিন্তু সাঙ্গাকারা রানআউট হলে আর সেভাবে হাল ধরতে পারেননি কেউ। শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে অলআউট শ্রীলঙ্কা। ২৯ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ১৫০/০। কিন্তু পরের ১০ ওভারেই ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলল পাকিস্তান। শেষ পর্যন্ত হলো আড়াইশোর্ধ্ব রান। টস জেতা পাকিস্তান সুবিধা পেয়েছিল শ্রীলঙ্কার নির্বিষ বোলিংয়ের। সঙ্গে যোগ হয়েছিল ক্যাচ পড়া। ফলাফল ফরহাত (৭০) ও হাফিজের (৮৩) ১৫১ রানের ওপেনিং জুটি। দুবাইয়ে ওয়ানডেতে যেকোনো উইকেট জুটিতেই সবচেয়ে বড় রান এটি। ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ৫০ ওভারে ২৫৭/৮ (হাফিজ ৮৩, ফরহাত ৭০, ইউনুস ৪২, আফ্রিদি ১৫, তানভির ১০*; মালিঙ্গা ২/৫৭, পেরেরা ১/৪৫, দিলশান ১/৩৮, প্রসন্ন ২/৩৯,)। শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২৩৬ (দিলশান ৬৪, সাঙ্গাকারা ৪৫, চান্দিমাল ৩১, জয়াবর্ধনে ১৭, ম্যাথুস ৩২*, মেন্ডিস ১৯, পেরেরা ৪, প্রসন্ন ৫; গুল ৩/৪৮, হাফিজ ১/২৯, আফ্রিদি ২/৪২, আজমল ৩/৪২)।ফল: পাকিস্তান ২১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ হাফিজ।