সিরিজে এগিয়ে গেল পাকিস্তান
আম্পায়ারের হাত থেকে কাগজটা নিয়ে এক নজর তাকালেন। ডোয়াইন ব্রাভোর চেহারা দেখেই বোঝা যাচ্ছিল মোটেই সন্তুষ্ট নন তিনি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাকিস্তানের নতুন লক্ষ্য লেখা সেখানে। বিমর্ষ মুখে পাশে থাকা এক সতীর্থকে কাগজটা ধরিয়ে দিলেন, যেন বাকি ম্যাচটুকু খেলার আর ইচ্ছেই নেই তাঁর!বৃষ্টির কারণে ম্যাচটা কমে গিয়ে ৪৯ ওভারের হয়ে গিয়েছিল একেবারে শুরুতেই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের করা ২৬১ রান তাড়া করতে নেমে পাকিস্তান যখন ১৭ ওভারে ২ উইকেটে ৬৮, সেন্ট লুসিয়ায় আবারও অঝোর বর্ষণ। সেটা থামার পর আবার খেলা শুরু হলো, পাকিস্তানের নতুন লক্ষ্য ৩১ ওভারে ১৮৯। তার পরও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক অসন্তুষ্ট, কারণ পাকিস্তানের হাতে তখনো ৮ উইকেট। ওদিকে তাঁর মূল বোলারদের বোলিং কোটা প্রায় শেষ। বৃষ্টি পাকিস্তানের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এটা তখনই বুঝতে পেরেছিলেন ডোয়াইন ব্রাভো।হারল ওয়েস্ট ইন্ডিজ। বাকি ১৪ ওভারে ১২১ রান তুলে ফেলল ৬ উইকেট আর এক ওভার হাতে রেখে। তৃতীয় ম্যাচটা টাই হওয়ার আগে সিরিজটা ছিল ১-১। চতুর্থ ম্যাচটি জিতে পাকিস্তান এগিয়ে গেল ২-১-এ। সিরিজটা পাকিস্তানকে দিতে না চাইলে শেষ ওয়ানডে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে।পরশু দ্বিতীয় দফায় বৃষ্টি আসার আগ পর্যন্ত ম্যাচের লাগাম ছিল ওয়েস্ট ইন্ডিজের হাতেই। মারলন স্যামুয়েলসের দুর্দান্ত সেঞ্চুরি (১০৪ বলে ১০৬) লড়াকু পুঁজি দিয়েছিল। বল হাতে ১৫ ওভারের মধ্যে ২ উইকেট ফেলে পাকিস্তানকে চাপেও রাখা গিয়েছিল। এরপরই সব গড়বড় হয়ে যাওয়ায় বৃষ্টির ওপর ক্ষোভ ঝাড়া ছাড়া আর কিছু করার ছিল না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের, ‘বৃষ্টির পর আমরা ফেরত আসলাম, দলের দুই মূল বোলার (রোচ ও নারাইন) এর আগেই ৫ ওভার করে বল করে ফেলেছে। গুরুত্বপূর্ণ সময়ে তাই ওদের বোলিং কোটা প্রায় শেষ হয়ে গিয়েছিল।’বৃষ্টিতে ওভার কমে যাওয়ায় পাকিস্তানের সুবিধা হয়েছে বলে স্বীকার করেছেন অধিনায়ক মিসবাহ-উল হকও, ‘তখন এটা টি-টোয়েন্টি ম্যাচের মতো হয়ে গিয়েছিল। আমরা বুঝতে পারছিলাম, আমাদের শুধু স্বাভাবিক শট খেললেই হবে এবং বাজে বলে বাউন্ডারি বের করতে হবে।’ জয়ের জন্য বাকি ১৪ ওভারে রান তুলতে হতো ৮ করে। তবে হাতে উইকেট থাকায় সেটা খুব কঠিন কিছু ছিল না। তৃতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে মোহাম্মদ হাফিজ ও মিসবাহ-উল-হক কাজটা আরও সহজ করে ফেলেন। ৬২ বলে ৫৯ রান করে হাফিজ ফিরে যান ২৪তম ওভারে। জয় তখনো পাকিস্তানের হাতের নাগালে। তবে ৪৩ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মিসবাহ। ১৮ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে তাঁকে সঙ্গ দিয়েছেন উমর আকমল। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ৪৯ ওভারে ২৬১/৭ (স্যামুয়েলস ১০৬, সিমন্স ৪৬, চার্লস ৩২; ইরফান ২/৬০)পাকিস্তান: ৩০ ওভারে ১৮৯/৪ (হাফিজ ৫৯, মিসবাহ ৫৩, আকমল ২৯; রোচ ১/৩৩, হোল্ডার ১/৪১, ব্রাভো ১/৪৯)ফল: ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাকিস্তান ৬ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: মারলন স্যামুয়েলস।