আগের ম্যাচে বিশ্বরেকর্ড গড়েও দলকে জেতাতে পারেননি রবি রামপল। কাল জেতালেন। তবে ব্যাট হাতে নয়, বল হাতে। ২৬১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে আসা ভারত তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৪৪ রানে অলআউট। ১৬ রানে ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ টিকে থাকল সিরিজে। ৩ ম্যাচ শেষে ৫ ওয়ানডের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে।নিজের প্রথম দুই বলেই রামপল ফিরিয়ে দেন বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরকে। ত্রিনিদাদের পেসার পরে যখন ফেরালেন সুরেশ রায়নাকেও, স্কোরবোর্ডে ভারত ৫/৮৪! বিরাট কোহলিকে (২০) আউট করে ওয়ানডেতে শিকারের খাতা খোলেন অভিষিক্ত স্পিনার সুনীল নারাইন। পার্থিব প্যাটেল ফিরে যান স্যামুয়েলসের বলে বোল্ড হয়ে (৩৫ বলে ৩৯)।তার পরও ভারতের রান যে ২৪৪ হলো, তাতে বড় অবদান রোহিত শর্মার। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরত্বে রান আউট হয়েছেন। তাঁর ১০০ বলের ইনিংসটিতে আছে ১০টি চার ও ১টি ছয়। সর্বশেষ ৯ ইনিংসে এটি তাঁর ষষ্ঠ ফিফটি। রোহিত আউট হয়ে যাওয়ায় ভারতের ম্যাচ জয়ের ক্ষীণ সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যায়। শেষ দিকে মিঠুন ১৬ বলে ২৩ এবং যাদব ১০ বলে ১১ রান করে গ্যালারি চাঙা রাখেন। তবে ২৮ রানের এই শেষ উইকেটজুটিকে বিচ্ছিন্ন করেন রামপল। ৫৭ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার রামপলই ম্যাচের সেরা।৪২ রানে ২ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের শুরুটাও হয়েছিল বাজে। তৃতীয় উইকেটে মারলন স্যামুয়েলস ও ড্যারেন ব্রাভোর জুটিটা জমে উঠছিল (৫৫), কিন্তু চোট নিয়ে মাঠ ছাড়েন ব্রাভো। ৭৮ বলে ফিফটি ছোঁয়ার পর ইনিংসের গতি বাড়াতে গিয়ে উইকেট দিয়ে আসেন স্যামুয়েলসও। প্রায় পুরো সময় ধুঁকতে থাকা ইনিংসটা সুপারসনিকের গতিতে শেষ হয় ড্যারেন স্যামি (১৭ বলে ৪১*) ও আন্দ্রে রাসেলের (১৮ বলে ৪০*) ব্যাটিংয়ে। ষষ্ঠ উইকেটে ৩৪ বলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন। শেষ ৭ ওভারে ৯৩ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ, শেষ ২ ওভারেই ৪৩! ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৬০/৫ (সিমন্স ১, হায়াট ২০, স্যামুয়েলস ৫৮, ব্রাভো ২৬ (আহত অবসর), রামদিন ৩৮, পোলার্ড ২৯, রাসেল ৪০*, স্যামি ৪১*; বিনয় ২/৩৯, অশ্বিন ১/৩৩, মিঠুন ১/৪৭, যাদব ১/৭৫)। ভারত: ৪৬.৫ ওভারে ২৪৪ (পার্থিব ৩৯, শেবাগ ০, গম্ভীর ০, কোহলি ২০, রোহিত ৯৫, রায়না ২, জাদেজা ১১, অশ্বিন ৩১, বিনয় ৩, মিঠুন ২৩, যাদব ১১*; রামপল ৪/৫৭, নারাইন ২/৩৪, স্যামুয়েলস ১/৫০, রোচ ১/৫৪)।