সিরিজে টিকে রইল পাকিস্তান
ওভালে আরেকটি সুখস্মৃতি পেল পাকিস্তান। এর আগে ইংল্যান্ড সফরে পাকিস্তানের একমাত্র সুখস্মৃতিটা ছিল ওভালেই। তৃতীয় টেস্টে তারা জিতেছিল চার উইকেটে। গতকাল সেই ওভালেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে উমর গুলের ছয় উইকেটের সুবাদে ২৩ রানের জয় তুলে নিয়েছে সফরকারী পাকিস্তান। না হলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হতো ইংল্যান্ডের। প্রথম দুই ম্যাচে জয়ের সুবাদে সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছে স্বাগতিকেরা।উমর গুল দলকে সিরিজে টিকিয়ে রেখেছেন এটাই একমাত্র প্রাপ্তি নয় পাকিস্তানের। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে মানসিকভাবে বিধ্বস্ত ক্রিকেটারদের মধ্যে প্রাণ ফিরিয়ে এনেছেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। ইংল্যান্ডের সামনে ২৪২ রানের লক্ষ্য ছুড়ে দেওয়া শহীদ আফ্রিদির দল ১০৩ রানেই তুলে নিয়েছিল স্বাগতিকদের ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে ৬৭ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন এউইন মরগান ও লুক রাইট। কিন্তু উমর গুলের বিধ্বংসী বোলিংয়ে শেষ রক্ষা হয়নি। ব্যক্তিগত ৬১ রানে গুলের শিকারে পরিণত হন মরগান। রাইটকে আটকানো যায়নি, তিনি অপরাজিত ছিলেন ৪৮ রানে। কিন্তু তাতে কী! ততক্ষণে একের পর এক উইকেট নিয়ে ৪৫.৪ ওভারেই ২১৮ রানে ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছেন উমর গুল।টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া পাকিস্তানের শুরুটা কিন্তু ভালো ছিল না। মাত্র ১২১ রানে তারা হারিয়েছিল পাঁচ উইকেট। ষষ্ঠ উইকেটে ৫১ বলে ৬০ রানের জুটি গড়েন ফাওয়াদ আলম ও আফ্রিদি। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন ফাওয়াদ, ২৯ বলে আফ্রিদির সংগ্রহ ৩৪। শেষ দিকে ২৪ বলে ৩১ রান করেন রাজ্জাক। ৪২ রানে ছয় উইকেট শিকারের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন উমর গুল।—ক্রিকইনফো