সিরিজে প্রথম লিড পেল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার প্রমাণিত হলো, ফিটনেস একটা বড় ব্যাপার অবশ্যই, কিন্তু ক্রিকেট খেলাটায় সবকিছুর আগে স্কিল, দক্ষতা। গত মার্চে অবসরের পর ক্লাব ক্রিকেটে দু-একটি ম্যাচ খেলা ছাড়া ব্যাট হাতেই নেননি। মোটামুটি মানের ক্রিকেট বলতে এই টেস্টের আগে উস্টারশায়ারের বিপক্ষে দুই দিনের ম্যাচে ৫৩ মিনিট ব্যাটিং। ওই ম্যাচ শেষে মোহাম্মদ ইউসুফই বলেছিলেন, ফিটনেসটা এখনো টেস্ট মানে নেই। কিন্তু অনুশীলন বা ফিটনেসের ঘাটতি কি আর জাত ব্যাটসম্যানের বাধা হতে পারে!খুব বড় ইনিংস খেলতে পারেননি। কিন্তু পারিপার্শ্বিক সবকিছু বিবেচনায় নিলে ৫৬ রানের এই ইনিংসটাকে রাখা যায় অনেক সেঞ্চুরিরও আগে। ক্যারিয়ারে অনেক স্মরণীয় ইনিংস খেলা ইউসুফের কাছেও নিশ্চয়ই আলাদা একটা জায়গা পাবে এই ইনিংস। ইনিংসটা আরও বড় হলে প্রত্যাবর্তনটা বেশি স্মরণীয় হতে পারত সন্দেহ নেই। কিন্তু সেটা হতে পারেনি গ্রায়েম সোয়ানের জন্য। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের প্রাথমিক তালিকায় নতুন করে ঢোকাটা ইংলিশ অফ স্পিনার উদ্যাপন করেছেন টেস্টে শততম উইকেট তুলে। ইউসুফের আউটের পরই দলের হাল ধরেন আজহার আলী। কিন্তু তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। শেষ পর্যন্ত ৯২ রানে অপরাজিত থেকেই ড্রেসিং রুমে ফেরেন তিনি। ১৭৬ বলে ১৫টি চারে সাজানো তাঁর ক্যারিয়ার-সেরা ইনিংসের সৌজন্যে অলআউট হওয়ার আগে পাকিস্তান করেছে ৩০৮ রান। ইংল্যান্ড সিরিজে প্রথমবারের মতো লিডও নিয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক স্ট্রাউসের উইকেট হারিয়েছে ইংল্যান্ড। আমিরের বলে ইয়াসির হামিদের হাতে স্লিপে ক্যাচ দেওয়ার আগে হাঁকিয়েছিলেন একটি চার। দিনশেষে ৩ ওভারে তারা তুলেছে ৬ রান। আড়াই বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার প্রথম দিনটায় ইয়াসির হামিদের ব্যাটে ছিল আত্মবিশ্বাসের ছাপ। তবে আগের দিন ৩৬ রানে অপরাজিত ওপেনার কাল ফিরে যান দিনের দ্বিতীয় বলেই। রানের আশায় ক্যারিয়ারে প্রথমবারের মতো চারে নেমেও লাভ হয়নি সালমান বাটের। একবার জীবন পেয়েও আউট হয়েছেন ১৭ রানেই। বোলিংয়ের পর ব্যাট হাতেও ইংল্যান্ডকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছেন ওয়াহাব রিয়াজ। ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে নেমে খেলেছেন ৭৫ বল। শেষ পর্যন্ত লাঞ্চের এক ওভার আগে এই ‘যন্ত্রণা’কে বিদায় করেছেন সোয়ান।লাঞ্চের আগে ৩ উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় সেশনে ১ উইকেট হারিয়ে তোলে ১০৪ রান। শুরুতে অনেক সাবধানী ছিলেন ইউসুফ, লাঞ্চের আগে ৫২ বলে করেছিলেন ১৬ রান। লাঞ্চের পরে খেলেছেন দৃষ্টিনন্দন সব শট। ব্যাটিং অর্ডারে তিন থেকে ছয়ে নামা আজহার আলীর সঙ্গে পঞ্চম উইকেটে গড়েছেন ৬৯ রানের জুটি। এরপর ইউসুফ আউট হলে উমর আকমলের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রানের জুটি গড়েন আজহার। সোয়ানের ১০০অভিষেকের ১ বছর ২৫০তম দিনে শততম উইকেট পেয়ে গেলেন গ্রায়েম সোয়ান, সময়ের হিসেবে টেস্টে দ্বিতীয় দ্রুততম।