সিরিজে ফিরবে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের রাতে একটা ‘অ্যাকশন মুভির’ শুটিং প্রায় করেই ফেলেছিলেন। কাল পত্রপত্রিকায় সেটারই নেতিবাচক খবরের ঝড়। অথচ সাকিব আল হাসানকে কাল দেখে এসবের কিছুই মনে হলো না!

দলের সঙ্গে মাঠে এলেও অনুশীলন করলেন না। বড় বেশি নির্ভার লাগল সাকিবকে। বিশ্বকাপের ব্রাজুকা বল হাতে দুষ্টুমির ছলে ছবির জন্য পোজ দিলেন। সাংবাদিকদের সঙ্গে খুনসুটি করলেন। অনেকে বলেন, সাকিব আর বাংলাদেশের সংবাদমাধ্যমের সম্পর্ক নাকি সাপে-নেউলে। কাল অন্তত ওই সময়টুকু তারা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে থাকলে ভালো হতো।

স্ত্রীর উদ্দেশে কারও অশোভন অঙ্গভঙ্গি বিবেকবান স্বামীর পক্ষে মানা কঠিন। তাই বলে ড্রেসিংরুম ছেড়ে গিয়ে ওরকম রণমূর্তিতে বখাটেদের ওপর চড়াও হবেন! সাকিব এতটা না গিয়ে ব্যাপারটা অন্যভাবেও সামলাতে পারতেন, বলছেন অনেকে। মাঠের কুশলী সাকিব মাঠের বাইরেও কুশলী হবেন—তাঁর কাছে এটাই তো চায় সবাই।

সাকিবের জন্য স্বস্তির খবর, শৃঙ্খলা ভাঙলেও বিসিবি আপাতত তাঁর ওপর চড়াও হচ্ছে না। সিরিজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। ক্রিকেটারদের শৃঙ্খলার ব্যাপারে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা অতীতে কঠোর মনোভাব দেখিয়েছে। হয়তো এবারও দেখাবে। তবে গত এশিয়া কাপের শিক্ষা কাজে লাগিয়েই বোধ হয় এবার একটু ধীরে চলো নীতি নেওয়া। শ্রীলঙ্কা সিরিজে টিভি ক্যামেরার সামনে অশোভন অঙ্গভঙ্গি করায় সাকিবকে তাৎক্ষণিক তিন ম্যাচ বহিষ্কার করা হয়েছিল। সাকিববিহীন ওই তিনটি ম্যাচে বাংলাদেশ দলের ফলাফল তো সবারই জানা।

দ্বিতীয় সারির ভারতের বিপ‌ক্ষে হার দিয়ে সিরিজ শুরুর পর বিসিবি স্বাভাবিকভাবেই আবার ওই ঝুঁকি নিতে চাইবে না। ম্যাচ বাকি আরও দুটি। সিরিজের মাঝপথে সাকিবের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে আবারও না নিজেদের খাদে নিজেদেরই পড়তে হয়! সেই শঙ্কাই হয়তো আপাতত বাঁচিয়ে দিচ্ছে এই অলরাউন্ডারকে। তা ছাড়া মাঠের বাইরের ‘অ্যাকশন হিরো’ প্রথম ওয়ানডেতে মাঠেও ছিলেন ‘অ্যাকশন হিরো’র মতোই। কাল ড্রেসিংরুমের সামনে ‘হঠাৎ অমন অ্যাকশন...’ বলে প্রসঙ্গটা পাড়তেই সাকিবও চলে গেলেন ম্যাচ প্রসঙ্গে, ‘হুম্‌...ম্যাচের কথা বলছেন...। ভালোই হয়েছে সব মিলিয়ে।’

ব্যাট হাতে ৫২ রান, বল হাতে ২৭ রানে ২ উইকেট—ভালোই তো। দ্বিতীয় সারির ভারতের বিপ‌ক্ষে ভালো কিছুর আশায় পরের দুটি ম্যাচেও প্রত্যাশার ভরকেন্দ্রে ​িতনিই থাকছেন। অবশ্য এ দুটি ম্যাচে ভালো করার সর্বাত্মক চেষ্টা শুরু হয়েছে। কাল বিকেলে ড্রেসিংরুমের বাইরে বসে দীর্ঘ সভা করলেন অধিনায়ক মুশফিকুর রহিম, কোচ চন্ডিকা হাথুরুসিংহে, নির্বাচক ফারুক আহমেদ ও হাবিবুল বাশার। সভার বিষয়বস্তু ছিল আজকের দ্বিতীয় ওয়ানডে সম্ভাব্য দল। জানা গেছে, মুমিনুল হকের জায়গায় আজ ওয়ানডে অভিষেক হতে পারে মোহাম্মদ মিঠুনের।

কাল বিকেলে ভারতীয় দলের চারজন অনুশীলন করেছেন মিরপুরে। বাকিরা হোটেলেই জিম-সুইমিং করেছেন। ‘শক্তিশালী’ বাংলাদেশ দলের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে এসে প্রথম ম্যাচেই ৭ উইকেটের জয়! একটু আয়েশ তো করাই যায়। বাংলাদেশ দলে অবশ্য ভারতীয়দের নিয়ে চিন্তাভাবনায় কিছুটা পরিবর্তন দেখা গেল এ​দিন। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে পেসার আল-আমিন বলে গেলেন, ‘ওদের দুর্বল দল বলব না। সবাই আইপিএল খেলে এসেছে। ওখানে ভালো মানের আন্তর্জাতিক ক্রিকেটাররাই খেলেন।
আন্তর্জাতিক ক্রিকেট ওভাবে না খেললেও দল হিসেবে ওরা অনেক ভালো খেলছে।’