সিরিজে সমতা আনল ক্যারিবীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ

ষষ্ঠ ম্যাচ জিতে সিরিজে সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। কাল গায়ানার জর্জটাউনে বাংলাদেশের যুবারা হেরে গেছেন ৩৬ রানে। এই জয়ে সাত ম্যাচের সিরিজে এখন ৩-৩-এ সমতা। কাল একই ভেন্যুতে অনুষ্ঠেয় সপ্তম ম্যাচটি তাই এখন পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী মহারণে।
টসে জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে তোলে ২৪০ রান। শিমরন হেটমেয়ারের ব্যাট থেকে আসে সর্বাচ্চ ৬৫ রান। ফ্যাবিয়ান অ্যালেনও অপরাজিত থাকেন ফিফটি করে। এই দুই ব্যাটসম্যানের পাশাপাশি ট্রিস্টান কোলম্যান (৩৬) আর ট্যারেক গ্যাব্রিয়েল (২৮) দুটি সংক্ষিপ্ত অথচ কার্যকর ইনিংস খেললে ক্যারিবীয়রা স্কোর বোর্ডে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। অথচ তাদের শুরুটা কিন্তু আশা জাগানিয়া ছিল না।
দলীয় ১৪ রানেই প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আবু হায়দারের বলে তিনি জুবায়ের হোসেনের ক্যাচে পরিণত হন। ২৩ রানে ফিরে যান তাগেনারায়ণ চন্দরপাল। বিপর্যয়ের মুখে তৃতীয় উইকেট জুটিতে কোলম্যান আর হেটমেয়ারের মধ্যে ৭৬ রানের দারুণ এক জুটি গড়ে ওঠে। কোলম্যানের বিদায়ের পর হেটমেয়ার চতুর্থ উইকেট জুটিতে গ্যাব্রিয়েলকে সঙ্গে নিয়ে গড়ে তোলের আরও একটি পঞ্চাশোর্ধ জুটি। নবম উইকেটে অ্যালেন আর লুইসের মধ্যকার অসমাপ্ত ৪৯ রানের জুটিটিও শেষ অবধি দারুণ গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়।

বাংলাদেশের পক্ষে সেরা বোলার ছিলেন জুবায়ের হোসেন। তিনি ৫৬ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। এ ছাড়া আবু হায়দার দুটি এবং রাহাতুল ফেরদৌস একটি উইকেট তুলে নেন।

 জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম উইকেট হারায় দলীয় ২৪ রানে। তবে জয়রাজের ব্যাট থেকে ৭৮ রান জয়ের পথেই রেখেছিল বাংলাদেশকে। পঞ্চম উইকেট পর্যন্ত ছোট ছোট জুটির কল্যাণে বাংলাদেশ মোটামুটি সহজেই জয়ের পথে এগিয়ে যাচ্ছিল। তবে গোল বাধে এর পরপরই। ষষ্ঠ, সপ্তম আর অষ্টম উইকেট জুটি দুই অঙ্কের কোটা স্পর্শ করতে না পারলে বিপর্যয়ের মুখে পড়ে যান বাংলাদেশের যুবারা। শেষ উইকেটে ৩১ রান উঠলেও লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় জয়ের বন্দরে আর পৌঁছানো হয়নি বাংলাদেশের।

জয়রাজের ৭৮ রান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই বড় স্কোর করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন দুজন। তাঁরা হলেন শাদমান ইসলাম ও আবু হায়দার।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ২৪০/৮ (৫০ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২০৪/১০ (৪৬.৪ ওভার)
ফল: ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল ৩৬ রানে জয়ী