সিরিজে সমতা আনল পাকিস্তান
শহীদ আফ্রিদির দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের সুবাদে শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতেই ৯৯ রান করে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ২৩ রানের এই জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারী পাকিস্তান। ব্যাট হাতে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলার পর বল হাতেও দুইটি উইকেট নিয়েছেন শহীদ আফ্রিদি।জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে যায় শ্রীলঙ্কা। উল্লেখযোগ্য কোন জুটিও গড়ে তুলতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে এক ওভার বাকি থাকতেই ৯৯ রানে শেষ হয় শ্রীলঙ্কান ইনিংস। সর্বোচ্চ ১৯ রান এসেছে চামারা কাপুডেগারার ব্যাট থেকে। ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন শহীদ আফ্রিদি। তিনটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি ও ইয়াসির আরাফাত।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি পাকিস্তানও। প্রথম ১০ ওভারে মাত্র ৪১ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন আহমেদ শেহজাদ, খালিদ লতিফ, উমর আকমল ও অধিনায়ক মোহাম্মদ হাফিজ। একমাত্র হাফিজ ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। ৩৪ বল খেলে ২৪ রান করেন হাফিজ। এরপর পঞ্চম উইকেটে ৬৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে একটা সম্মানজনক সংগ্রহ গড়ে দেন শোয়েব মালিক ও শহীদ আফ্রিদি। ২৭ রান করে আউট হন মালিক। আফ্রিদি ৩৩ বলে ৫২ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন কুলাসেকারা ও লোকুয়ারাচ্চি।