সিরিজে সমতা আনল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা আনল শ্রীলঙ্কা। কাল দুবাইয়ে শ্রীলঙ্কা ২৫ রানে জেতায় পাঁচ ম্যাচের সিরিজে দ্বিতীয় ওয়ানডে শেষে এখন ১-১-এ সমতা। ২৩৬ রানের লক্ষ্য রান তাড়া করতে আসা পাকিস্তানের হয়ে উমর আকমল ৯১ রান করলেও ২১০ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।দারুণ দুটি আউট সুইঙ্গারে প্রথম ওভারেই হাফিজ ও ইউনুসকে মালিঙ্গা তুলে নিলে দুঃস্বপ্নের মতোই শুরু হয়েছিল পাকিস্তানের। চতুর্থ ওভারে পেরেরার ফিরিয়ে দেন ফারহাতকে। ১১ রানে ৩ উইকেটের বিপর্যয় থেকে চতুর্থ উইকেটে আকমল-মিসবাহর ৬৪ রানের জুটি কিছুটা টেনে তোলে পাকিস্তানকে। দলীয় ৭৫ রানে অধিনায়ক মিসবাহও আউট হয়ে গেলে দলের হাল ধরেন উমর আকমল। ৮টি চার ও ১টি ছয়ে ৯১ করে দলকে টেনে নিয়ে যান তিনি। কিন্তু এক ওভারের ব্যবধানে তিনি ও সরফরাজ আউট হয়ে যান। তখন পাকিস্তানের সম্ভাবনা নির্ভর করছিল আফ্রিদির ওপর। দলকে আশাও জোগাচ্ছিলেন, কিন্তু দিলশানের দারুণ এক তৎপরতায় আফ্রিদি (১৪ বলে ২৯ রান) রানআউট হয়ে গেলে পরাজয় একরকম নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।এর আগে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৩৫ করে শ্রীলঙ্কা। থারাঙ্গা-দিলশান উদ্বোধনী জুটিতে ৫৬ রান করলেও উইকেটে বেশ অস্বস্তিতে ছিলেন। গুলের ৫ ওভারের প্রথম স্পেলে ৯ বার অল্পের জন্য দিলশানের ব্যাটের কানা নেয়নি বল! ১৫ ও ২৮ রানে দুবার জীবন পেয়েছেন উপুল থারাঙ্গা। দিলশানকে বোল্ড করে জুটি ভেঙেছেন আফ্রিদি, আগের ম্যাচের মতোই প্রথম ওভারে উইকেট। রাজ্জাকের স্লোয়ারে কুমার সাঙ্গাকারা ফিরতি ক্যাচ দেওয়ার পর পুরোপুরি খোলসে ঢুকে যান থারাঙ্গা ও চান্ডিমাল। তৃতীয় উইকেটে ২৯ রান এসেছে ৬৯ বলে!জয়াবর্ধনে নেমে রানের চাকা একটু দ্রুত করলেও ইনিংসটা প্রত্যাশিত গতি পাচ্ছিল না। আগের ম্যাচের ধসের কথা মনে করেই হয়তো উইকেটে পড়ে ছিলেন থারাঙ্গা, হাফ সেঞ্চুরি ৯০ বলে। ব্যাটিং পাওয়ার প্লেতে ইনিংসটা প্রথম পাখা মেলে, ৫ ওভারে আসে ৪৮ রান। শেষ পর্যন্ত অবশ্য তবুও প্রত্যাশিত রান আসেনি। আফ্রিদিকে ছয় মারার চেষ্টা করতে গিয়ে আউট হন থারাঙ্গা, ফিফটি করেই বোল্ড জয়াবর্ধনে। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩৫/৭ (থারাঙ্গা ৭৭, দিলশান ২৮, সাঙ্গাকারা ৫, চান্ডিমাল ১৫, জয়াবর্ধনে ৫০, ম্যাথুস ৩, মেন্ডিস ১৭*, পেরেরা ১৩, মালিঙ্গা ২*; আজমল ৩/৬১, আফ্রিদি ২/৩৫, রাজ্জাক ১/১৮, চিমা ১/৫৬)। পাকিস্তান: ৪৬.৩ ওভারে ২১০ (হাফিজ ৪, ফারহাত ৩, ইউনুস ০, মিসবাহ ২১, উমর আকমল ৯১, রাজ্জাক ১১, সরফরাজ ২৪, আফ্রিদি ২৯, গুল ০, আজমল ৮*, চিমা ৬; মালিঙ্গা ৩/৩৬, পেরেরা ২/৩০, ফার্নান্ডো ২/৫৪।