সিরিজে সমতা আনল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ৬ উইকেটে হেরে পিছিয়ে পড়েছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক জয় দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে দিলশানের চমত্কার শতকের পর থিসারা পেরেরার অসাধারণ বোলিংয়ে পাকিস্তানকে ৭৬ রানে হারিয়েছে লঙ্কানরা। ক্যারিয়ারসেরা বোলিং করে ৪৪ রানের বিনিময়ে ছয়টি উইকেট নিয়েছেন এই ডানহাতি ফাস্ট বোলার।জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন ওভার চার বল বাকি থাকতেই ২০৪ রান করে গুটিয়ে যায় পাকিস্তান। সফরকারীদের পক্ষে প্রায় একাই লড়েছিলেন ওপেনার আজহার আলি। শেষপর্যন্ত ৯৬ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। মাত্র চারটি রানের জন্য তিনি পাননি ক্যারিয়ারের প্রথম শতকটির দেখা। ম্যাচ জয়ের জন্য বড় কোন উল্লেখযোগ্য জুটিও গড়ে তুলতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি লঙ্কানরা। অষ্টম ওভারে মাত্র ৩৭ রানের মাথায় সাজঘরে ফিরেছিলেন ওপেনার উপল থারাঙ্গা। দ্বিতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়েন সাঙ্গাকারা ও দিলশান। সাঙ্গাকারা ও থারাঙ্গা—দুজনেই সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১৮ রানের মাথায়। তবে পুরো ম্যাচেই পাকিস্তানি বোলারদের নাজেহাল করে গেছেন দিলশান। তৃতীয় উইকেটে চান্দিমালকে নিয়ে তিনি গড়ে তোলেন ৭০ রানের জুটি। ৩২ রান করে শহীদ আফ্রিদির শিকারে পরিণত হন চান্দিমাল। চতুর্থ উইকেটে আবারও ৮৬ রান আসে দিলশান ও জয়াবর্ধনের জুটি থেকে। জয়াবর্ধনে ৪৫ বলে ৫৩ রানের ইনিংস খেলে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন দিলশান।পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন সোহেল তানভির, শহীদ আফ্রিদি, সাইদ আজমল ও মোহাম্মদ হাফিজ।