সিরিজে সমতা এনেছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসে স্পট কেলেঙ্কারির লজ্জা পেতে হয়েছিল, সেই লর্ডসেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা এনেছে পাকিস্তান। গতকাল সোমবার ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে ৩৮ রানের জয় পেয়েছে শহীদ আফ্রিদির দল। উভয় দল দুটি করে জয় পাওয়ায় কাল বুধবার অনুষ্ঠেয় ম্যাচটি সিরিজের অঘোষিত ফাইনাল।২৬৬ রানের লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ডকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন স্ট্রাউস (৬৮) ও ডেভিস (৪৯)। এ দুজনের উদ্বোধনী জুটির সংগ্রহ ১১৩। তবে এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ইংল্যান্ডের। উমর গুল ও শোয়েব আখতারের বিধ্বংসী বোলিংয়ে ৪৬.১ ওভারে ২২৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। আগের ম্যাচে ছয়টি উইকেট শিকার করে ব্যবধান কমিয়েছিলেন গুল, গতকাল চার উইকেট শিকার করে পাকিস্তানকে সময়তায় আনতেও অগ্রণী ভূমিকা রেখেছেন এই পেসার। শোয়েব আখতার তিনটি ও সাঈদ আজমল দুটি উইকেট লাভ করেন। এর আগে টসে জিতে ব্যাট করা পাকিস্তান ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন মোহাম্মদ হাফিজ। তৃতীয় পাকিস্তানি হিসেবে ৩০০তম ম্যাচ খেলতে নামা আফ্রিদি করেছেন ২২ বলে ৩৭ রান। রাজ্জাক ২০ বলে অপরাজিত থাকেন ৪৪ রানে। রাজ্জাকের ঝড়ে শেষ দুই ওভারে পাকিস্তান তোলে ৪২। এর ৪০ রান করেছেন রাজ্জাক, মাত্র ১০ বলে!—রয়টার্স