সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ৬ ওভারের মধ্যে মাত্র ১৩ রানেই পাঁচ উইকেট পতনের পরই ফিকে হয়ে গিয়েছিল বাংলাদেশের চতুর্থ ওয়ানডে জয়ের স্বপ্ন। ষষ্ঠ উইকেটে ৭৪ রানের জুটি গড়ে আবার বাংলাদেশী শিবিরে আশার সঞ্চার করেছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। কিন্তু দলীয় ৮৭ রানের মাথায় মুশফিকের বিদায়ের পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ওয়েস্ট ইন্ডিজের হাতে। মাহমুদুল্লাহ শেষপর্যন্ত লড়াই চালিয়ে গেলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। ৭৫ রানের হার নিয়েই চতুর্থ ওয়ানডে শেষ করেছে টাইগাররা। আর এই জয় দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২-২ ব্যবধানের সমতার পর এখন আগামীকাল পঞ্চম ওয়ানডেটিই হবে সিরিজ নির্ধারণী ফাইনাল ম্যাচ। ব্যাট হাতে ৬০ রানের লড়াকু ইনিংস খেলার পর বল হাতেও বাংলাদেশের সর্বনাশ ডেকে এনেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। ৮ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে তিনি নিয়েছেন তিনটি উইকেট। দুইটি করে উইকেট পেয়েছেন কেমার রোচ, ডোয়াইন স্মিথ ও পারমল। বাংলাদেশের পক্ষে প্রায় একাই লড়াই করেছেন মাহমুদুল্লাহ। ৭৮ বলে ৫৬ রান করে শেষপর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। মুশফিকের ২৭ ও সোহাগ গাজীর ১৩ রান ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে জয়ের জন্য ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রথম তিনটি ওয়ানডেতে ভালো পারফরমেন্স দেখালেও আজ ব্যাট হাতে সফলতা পাননি এনামুল হক। ইনিংসের দ্বিতীয় ওভারেই ড্যারেন স্যামির শিকারে পরিণত হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। পরের বলে নাঈম ইসলামকেও সাজঘরমুখী করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। তৃতীয় ওভারে বাংলাদেশের অন্যতম প্রধান ব্যাটিং ভরসা তামিম ইকবাল ও নাসির হোসেনের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপের মুখে ফেলে দিয়েছেন কেমার রোচ। দুই ওভার পরে আবার বাংলাদেশ শিবিরের দুঃস্বপ্ন হিসেবে হাজির হয়েছেন স্যামি। তাঁর শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন মমিনুল হক। ষষ্ঠ উইকেটে ৭৪ রানের জুটি গড়ে আবার বাংলাদেশী শিবিরে আশার সঞ্চার করেছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। কিন্তু দলীয় ৮৭ রানের মাথায় মুশফিকের বিদায়ের পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ওয়েস্ট ইন্ডিজের হাতে। কয়েক ওভার পরে টানা দুই বলে সোহাগ গাজী ও ইলিয়াস সানির উইকেট তুলে নিয়ে বাংলাদেশের হার অনেকটাই নিশ্চিত করে ফেলেন উইন্ডিজ স্পিনার পারমল। আর স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডোয়াইন স্মিথ। টানা দুই ওভারে তিনি তুলে নেন মাশরাফি ও আব্দুর রাজ্জাকের উইকেট।