সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯০ রানে জিতল
খেলাটা হয়েছে অনেকটা ভারতের ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা মূল দলের। প্রথম দুই ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা ভারতের জেতা হয়ে গিয়েছিল আগেই, তাই নিয়মিত একাদশের সাতজনকে দলের বাইরে রেখে ভারতীয় একাদশ সাজিয়েছিলেন কারস্টেন। যখন কোনো ‘এ’ দল মূল টেস্ট দলের বিপক্ষে মাঠে নামে তখন ময়দানি লড়াইয়ের ফলাফলটা একরকম নির্ধারিতই থাকে, সেই নিরিখেই গতকাল শনিবার পরিষ্কার ফেভারিট ছিল দক্ষিণ আফ্রিকা। ‘আন্ডারডগ’ ভারতও তাই সে রকম পরিষ্কার ব্যবধানেই পরাজিত। ব্যবধানটা ৯০ রানের।আগের ম্যাচেই শচীন টেন্ডুলকারের অতিমানবীয় কীর্তি। ওয়ানডের ইতিহাসের প্রথম দ্বি-শতক। কালকের ম্যাচেও গোটা আহমেদাবাদও তাই আচ্ছন্ন সেই অনন্য কীর্তির স্বাদ আস্বাদনে। কিন্তু খোদ টেন্ডুলকারই যে কাল ম্যাচে খেলেননি। খেলেননি বীরেন্দর শেবাগও। টসে জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা জহির-হরভজনবিহীন ভারতের সাধারণ মানের বোলিংকে নিতান্তই ‘ঘরোয়া ক্রিকেট’ মানে নামিয়ে নিয়ে আসে। বসম্যান ও হাশিম আমলা দলকে এক দুর্দান্ত সূচনা এনে দেন। বস ৬৮ ও আমলা ৮৭ রান করেন। দলীয় ১১৩ রানের মাথায় প্রথম প্রোটিয়া উইকেটের পতন ঘটান ইউসুফ পাঠান। আমলা আউট হন দলীয় ১৯২ রানে রবীন্দ্র জাদেজার বলে। এরপর পুরোটাই ছিল ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিসময়। দুজনের শত রানে সাড়ে তিন শর কোটা পেরোয় দক্ষিণ আফ্রিকা। ক্যালিস ১০৪ ও এ বি ডি ভিলিয়ার্স ১০২ রান করেন। জয়ের জন্য ৩৬৬ রান করতে হবে এমন একটি সমীকরণ মাথায় নিয়ে ভারতের অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ কখনই মাথা তুলে দাঁড়াতে পারেনি। শচীন-শেবাগ-গম্ভীর-যুবরাজবিহীন ব্যাটিং ৩৬৬ রান তাড়া করতে নেমে জয়ের জন্য না হলেও সম্মান বাঁচানোর লড়াইয়ে ‘পাস মার্ক’ পেতেই পারেন।বিরাট কোহলি ৫৭, শর্মা ৪৮ ও সুরেশ রাইনা ৪৯ রান করে ভারতের ইনিংস আড়াই শ পার করেন। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাত্র নয় রান করে আউট হলে ভারত জয়ের আশা একরকম ত্যাগ করে। সব মিলিয়ে ভারতের সংগ্রহ ২৭৫। তবে পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি ভারতীয় দল। মাত্র ৪৪ দশমিক তিন ওভারেই অলআইট হয় তারা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ৩৭ রানে তিনটি, সটসবে ৫৮ রানে তিন উইকেট পান।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা ৩৬৫/২ (৫০ ওভার)ভিলিয়ার্স ১০২, ক্যালিস ১০৪পাঠান ১/৬৬, জাদেজা ১/৫৩ভারত ২৭৫/১০ (৪৪.৩ ওভার)কোহলি ৫৭, রাইনা ৪৯স্টেইন ৩/৩৭, সটসবে ৩/৫৮দক্ষিণ আফ্রিকা ৯০ রানে জয়ী