সিলভাও অনেক দামি
ছুটি কাটিয়ে ক্লাবে ফিরেই ডেভিড সিলভা হয়ে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির সবচেয়ে দামি খেলোয়াড়দের একজন। সিটিতে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক পান কার্লোস তেভেজ, ইয়া তোরে ও সার্জিও আগুয়েরো। প্রত্যেকেরই সাপ্তাহিক বেতন এক লাখ ৯০ হাজার পাউন্ড। আগামী সপ্তাহে সিটির লোভনীয় চুক্তিতে স্বাক্ষর করে সিলভারও জায়গা হচ্ছে তেভেজ-তোরে-আগুয়েরোর পাশে। তাঁরও সাপ্তাহিক বেতন হবে এক লাখ ৯০ হাজার পাউন্ড!গত মৌসুমে ম্যান সিটি যে ৪৪ বছর পর লিগ শিরোপা জিতল, তাতে ২৬ বছর বয়সী মিডফিল্ডার রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্প্যানিশ মিডফিল্ডার নিজে ৮টি গোল করার পাশাপাশি করিয়েছেন ১৮টি গোল। পারিশ্রমিক বৃদ্ধি এবং নতুন চুক্তি সেই পারফরম্যান্সের পুরস্কার। গত মাসে বার্সেলোনায় সিলভার এজেন্টের সঙ্গে বসেই চুক্তি নবায়ন এবং পারিশ্রমিকের বিষয়টি ঠিক করেছে সিটির কর্তারা। তবে চুক্তিটা কত বছরের জন্য নবায়ন করা হবে, সেটা এখনো নিশ্চিত নয়। তবে চুক্তিটা সম্ভবত চার বা পাঁচ বছরের।স্পেনের ইউরোর শিরোপা জয়ের অন্যতম নায়কের চুক্তির মেয়াদ এমনিতেই আরও দুই বছর আছে। গত মাসে রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ করলেও সিলভা গত এপ্রিলেই জানিয়ে দেন, তিনি থাকতে চান সিটিতেই, ‘আমি জানি, সিটি মৌসুম শেষে নতুন চুক্তি নিয়ে আমার এজেন্টের সঙ্গে কথা বলতে চায়। তাই এ নিয়ে আমার চিন্তা নেই। আমার চুক্তি এখনো দুই বছর বাকি এবং আমি এখানেই থাকতে চাই। ভ্যালেন্সিয়া ছেড়ে আসার পর থেকেই আমি খেলোয়াড় হিসেবে উন্নতি করছি এবং শিরোপা জিততে লড়াই করছি। লা লিগা ছাড়ার পর এটাই ছিল আমার লক্ষ্য।’ ওয়েবসাইট।