সিলভাকে ফিরে পেতে ব্রাজিলের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখলেন সিলভা। ছবি: রয়টার্স
কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখলেন সিলভা। ছবি: রয়টার্স

চোটের কারণে নেইমার নেই। দুই ম্যাচে হলুদ কার্ড দেখে দলের অধিনায়ক থিয়াগো সিলভাকেও বসে থাকতে হবে সেমিফাইনালে। বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে আক্রমণ ও রক্ষণভাগের দুই বড় ভরসাকে হারিয়ে ব্রাজিল এই মুহূর্তে হতবিহ্বল। রিজার্ভ বেঞ্চে পর্যাপ্ত খেলোয়াড় থাকলেও নেইমার-সিলভার অভাব অপূরণীয়। অন্য কোনো ম্যাচ হলে হয়তো রিজার্ভ দিয়েই চালিয়ে দেওয়া যেত, কিন্তু সেমিফাইনাল আর প্রতিপক্ষটা জার্মানি বলেই নেইমার-সিলভাকে বড্ড বেশি মিস করছে স্কলারির ব্রাজিল।

চোটের কারণে নেইমারকে পাওয়ার কোনোই সম্ভাবনা নেই। কিন্তু সিলভাকে তো ফিরে পাওয়া যায়! এই চিন্তা থেকেই ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ফিফার কাছে আবেদন করেছে, দলের অধিনায়ককে ফিরে পেতে।

কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড দেখেন ব্রাজিল অধিনায়ক। বিশ্বকাপে দুই ম্যাচে (গ্রুপ পর্বে মেক্সিকো ও কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে) হলুদ কার্ডের যোগফল হিসেবে ৮ জুলাই সেমিফাইনালে নিষিদ্ধ সিলভা। সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সিলভাকে “অন্যায়ভাবে” কার্ড দেখানো হয়েছে। জার্মানির বিপক্ষে ডিফেন্ডারকে খেলার অনুমতি দেওয়া উচিত।’ ফিফা জানিয়েছে, সিবিএফের আবেদন তারা খতিয়ে দেখছে। এএফপি, রয়টার্স।