সিলভার জোড়া গোলে জিতল মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুটি পেশাদার ফুটবল লিগে রানার্সআপ হয়েছিল মুক্তিযোদ্ধা। কিন্তু এবার কাগজে-কলমে অতটা শক্তিশালী দল গড়তে পারেনি তারা। দলে নেই গতবারের মতো একঝাঁক জাতীয় দলের খেলোয়াড়। কিন্তু এবার প্রথম দুই রাউন্ডেই জয় পেয়ে দারুণভাবে শুরু করেছে দলটি। গোপালগঞ্জে আরামবাগকে হারানোর পর কাল ঢাকায় ব্রাদার্সকে হারাল ২-০ গোলে।শুরু থেকেই আক্রমণে গেছে মুক্তিযোদ্ধা। গোল পেতে পারত ২৫ মিনিটেই। কিন্তু দুর্ভাগ্য জুয়েল রানার, ৩০ গজ দূর থেকে নেওয়া তাঁর জোরালো শটটা ক্রসবারে লেগে ফিরে আসে। অবশ্য পরের মিনিটেই মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড থিয়াগো সিলভা। ব্রাদার্স গোলরক্ষক পিরু বক্স ছেড়ে অনেকটা এগিয়ে আসেন, সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই সিলভাই। দ্বিতীয়ার্ধে অবশ্য গোল শোধের মরিয়া চেষ্টা করেছে ব্রাদার্স। কিন্তু মুক্তিযোদ্ধার গোলমুখ খুলতে পারেনি। প্রথম দুই ম্যাচেই হেরে এবার লিগটা বাজেভাবে শুরু করল ব্রাদার্স।