সিলভার পেনাল্টি-ভীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলভা
সিলভা

নিজের দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বিশ্বকাপের চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে! প্রচণ্ড চাপের মধ্যেও দেশের মানুষের জন্য আনন্দ বয়ে আনা জয় পাইয়ে দেওয়ার সুযোগ কে না পেতে চায়! তবে ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। দেশের জন্য নিজেকে নিংড়ে দিতে দ্বিধা নেই তাঁরও। তবে ম্যাচ যদি গড়ায় টাইব্রেকারে, তবেই হয়েছে!
চিলির বিপক্ষে খেলা যখন টাইব্রেকারে গড়াল, তখন থেকেই বোধ হয় বুকটা ধড়ফড় করছিল সিলভার, ‘পেনাল্টিতে গোল করা অনেক বড় একটি দায়িত্ব। সৃষ্টিকর্তাকে বলছিলাম আমি যেন নির্বাচিত না হই।’ শেষ পর্যন্ত কোচ লুইস ফেলিপে স্কলারি থিয়াগোকে পেনাল্টি নেওয়ার তালিকায় ৬ নম্বরে রাখেন। কিন্তু নিজের সর্বশেষ তিনটি পেনাল্টির দুটিতেই ব্যর্থ হওয়া সিলভা স্কলারিকে না করে দেন। তিনি নিতে চেয়েছিলেন শেষ পেনাল্টিটি, এমনকি হুলিও সিজারেরও পরে!
ব্রাজিলিয়ান সমর্থকেরা চাইলে এখন থেকেই ঈশ্বরকে ডাকা শুরু করে দিতে পারেন। কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলা যদি টাইব্রেকারে গড়ায়, তাতেও সমস্যা নেই। থিয়াগো সিলভা পর্যন্ত না গড়ালেই হলো! গোলডটকম।