সিলেট-খুলনার জয়
জাতীয় লিগে তৃতীয় দিনেই জিতে গেল সিলেট-খুলনা। সিলেটের জয়ে বড় অবদান আবু জায়েদের। ফতুল্লায় কাল প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন সিলেটের এই পেসার (৫/২৪)। রংপুরের বিপক্ষে সিলেট জিতেছে ইনিংস ও ১৭৩ রানে। যশোরেও একই ঘটনা। লেগ স্পিনার তাপস ঘোষের (৫/৫১) ক্যারিয়ার-সেরা বোলিংয়ে ঢাকা বিভাগকে ৯১ রানে হারিয়েছে স্বাগতিক খুলনা। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন রাজশাহীর ফরহাদ হোসেন (২১৬)। চট্টগ্রামে স্বাগতিকদের বিপক্ষে তাঁর দল আছে সুবিধাজনক জায়গায়। দ্বিতীয় ইনিংসে ১৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে চট্টগ্রাম। রাজশাহীর প্রথম ইনিংস থেকে এখনও ৬২ রানে পিছিয়ে দলটি। আগের দিনের ৪ উইকেটে ১৮০ রানের সঙ্গে কাল আরও ২৭৩ রান যোগ করেছিল রাজশাহী। ৪৫৩ রানে নবম ব্যাটসম্যান হিসেবে ফরহাদ হোসেন আউট হওয়ার পরই ইনিংস ঘোষণা করে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ফরহাদের ষষ্ঠ সেঞ্চুরিটি জাতীয় লিগের ইতিহাসে মাত্র দশম ডাবল সেঞ্চুরি, এটি জাতীয় লিগের চতুর্থ সর্বোচ্চ ইনিংসও। সর্বোচ্চ ৩১৩ রানের ইনিংসটি রকিবুল হাসানের (অপরাজিত ছিলেন)। এটি ছিল ২০০৬-০৭ মৌসুমে। বরিশালের হয়ে এই ম্যারাথন ইনিংসটি খেলেছিলেন রকিবুল। সর্বোচ্চ দুটি ডাবল সেঞ্চুরি করেছেন নাজিমউদ্দিন।ফতুল্লায় ইনিংস ঘোষণার আগে সিলেট তুলেছে ৪২৩ রান। সেঞ্চুরির অপেক্ষায় থাকা অলক কাপালি আউট হয়ে গেলেন ৯১ রানে। ২৮৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১১২ রানেই শেষ রংপুরের ইনিংস। যশোরে স্বাগতিক খুলনার দ্বিতীয় ইনিংস শেষ ২১৯ রানে। ঢাকা বিভাগের সামনে জয়ের লক্ষ্য ছিল ২৮৬ রান। ১৯৪ রানে অলআউট হয়ে তিন দিনেই হারল ঢাকা।হারের শঙ্কা ঝুলছে বরিশালের সামনেও। ঢাকা মেট্রো বরিশালের সামনে জয়ের লক্ষ্য দিয়েছে ৫১৬ রান। প্রথম ইনিংসে ১২০ রানে অলআউট বরিশাল দ্বিতীয় ইনিংসে করেছে ২ উইকেটে ৭০।সংক্ষিপ্ত স্কোররংপুর: ১৩৮ ও ৩৯ ওভারে ১১২ (সাজেদুল ৩৫, ধীমান ৩০; জায়েদ ৫/২৪, অলক ২/১১)। সিলেট ১ম ইনিংস: ১৩৬.৫ ওভারে ৪২৩/৯ (ডিক্লে.) (রাজিন ১৩২, অলক ৯১, নাদিফ ৬১, সায়েম ৫০; সাজেদুল ৪/৮২, মাহমুদুল ৩/৭৪, আরিফুল ২/১৩০)।ফল: সিলেট ইনিংস ও ১৭৩ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: রাজিন সালেহ (সিলেট)।খুলনা: ২২৪ ও ৬৪.২ ওভারে ২১৯ (সগীর ৪৬, তাপস ৪৩, ডলার ৩১, নাজমুস ২৬, সৌম্য ২৫, তুষার ২৪; শরীফ ৩/৩৫, নাজমুল ৩/৪৯)। ঢাকা: ১৫৮ ও ৬৫.২ ওভারে ১৯৪ (তায়েবুর ৫৩, বাশার ৪৯, সৈকত ২০; তাপস ৫/৫১, ডলার ২/১৪, নিজামুদ্দিন ২/৩১)।ফল: খুলনা ৯১ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: তুষার ইমরান (খুলনা)।চট্টগ্রাম ১ম ইনিংস: ৩৭৮ ও ৭.৪ ওভারে ১৩/৪ (ইয়াসিন ৬, নাজিমউদ্দিন ৬*; সাকলাইন ২/৪, ফরহাদ রেজা ২/৯)। রাজশাহী ১ম ইনিংস: ১৩৯.৩ ওভারে ৪৫৩/৯ (ডিক্লে.) (ফরহাদ হোসেন ২১৬, ফরহাদ রেজা ৬৫, জুবায়ের ৪৮, আনিসুর ৩৯, দেলোয়ার ২৯*; কামরুল ৪/৮০, মাকসুদুল ২/১০৯, ফয়সাল ২/১১৩)।ঢাকা মেট্রো: ৪৫০/৮ (ডিক্লে.) ও ৪০ ওভারে ১৮৫/৫ (ডিক্লে.) (আসিফ ৫৭, তাসামুল ৫৩, আরমান ৪২; ইসলামুল ৪/৪২)। বরিশাল: ৫০.৫ ওভারে ১২০ (রাব্বী ৩৪; আরাফাত সানি ৫/১১, তারেক ২/৩, আশরাফুল ২/৩১) ও ২৭ ওভারে ৭০/২ (ইফতেখার ৩৩, ইসলামুল ২৬*; আশরাফুল ১/২)।