সিলেট বিকেএসপি বাফুফের
একটা ফুটবল একাডেমি গড়ার স্বপ্ন অনেক দিনের। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে কাজী সালাউদ্দিনের সেই স্বপ্ন পূর্ণতা পাচ্ছে। বাফুফে সভাপতি যদিও বলছেন, ‘আমার একার নয়, ফুটবল ফেডারেশনের সবার ইচ্ছা ছিল ফুটবল একাডেমি করার।’ সিলেট বিকেএসপিতে আগামী মাস থেকে ফুটবল একাডেমির কার্যক্রম শুরু করার আশা বাফুফের। কাল আনুষ্ঠানিকভাবে এটি বাফুফের কাছে হস্তান্তর করা হলো জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে। বাফুফে এটি পাঁচ বছর ব্যবহার করতে পারবে। এ নিয়ে কাল বাফুফের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন কাজী সালাউদ্দিন, সিলেট বিকেএসপির পক্ষে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন।একাডেমি পরিচালনা করতে বাফুফেকে মাসে ৫০ হাজার টাকা দিতে হবে বিকেএসপিকে। চুক্তি অনুযায়ী বিকেএসপির কোনো অবকাঠামো পরিবর্তন করা যাবে না। তবে মাঠের সংস্কার বা উন্নয়নকাজ করা যাবে।সিলেটের খাদিম নগরে ১৩ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে বিকেএসপি। বর্তমানে আছে একটি প্রশাসনিক ভবন, অফিসার্স কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, একটি করে ক্রিকেট ও ফুটবল মাঠ, টেনিস কোর্ট, জিমনেসিয়াম, সুইমিংপুল। ছাত্রদের থাকার জন্য ৪২ কক্ষের একটি হোস্টেল। সালাউদ্দিন বললেন, ‘যুব ফুটবলের উন্নয়নের জন্য প্রথম ধাপটা সেরে ফেললাম। বাংলাদেশের ফুটবলের জন্য এটা মাইলফলক। আমাদের কোচ এবং ব্যবস্থাপনা কমিটি বাছাই-প্রক্রিয়া বের করবে। আশা করি, জানুয়ারি মাসে কাজটা শুরু করতে পারব। ফেব্রুয়ারি-মার্চ থেকে হয়তো ছাত্র ভর্তি শুরু হবে। ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার ঢাকা আসবেন মার্চের প্রথম সপ্তাহে। তাঁকে দিয়ে একাডেমি উদ্বোধন করানোর সুযোগ আছে।’