সিলেট বিকেএসপিতে ক্যাম্প?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে সিলেট বিকেএসপি ব্যবহার করতে যাচ্ছে বাফুফে। আগামী ১৮ সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্প সেখানেই করার পরিকল্পনা কর্মকর্তাদের। এতে একাডেমির কার্যক্রম ঠিক একাডেমির মতো হয়তো শুরু হবে না৷ তার পরও একটা কিছু দিয়ে শুরু করা যাচ্ছে ভেবে তৃপ্তি খুঁজছে বাফুফে।
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন কাল বললেন, ‘এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য সিলেট বিকেএসপিতে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হচ্ছে। আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শুরু। আশা করছি, এশিয়াডের ক্যাম্প করতে ওখানেই ফুটবল দল পাঠিয়ে দিতে পারব।’
সিলেট বিকেএসপি নিয়ে কম ঝক্কি পোহাতে হয়নি বাফুফেকে। সরকারের কাছ থেকে এটির ইজারা পেতেই কেটেছে অনেক দিন। তারপর অবকাঠামো উন্নয়নে সরকারি টাকা বরাদ্দের জন্য কেটেছে লম্বা একটা সময়। সেই টাকা বরাদ্দ হওয়ার পর সেটি ব্যবহার করতে না পারার কারণে ফেরতও যায় । আবার টাকা বরাদ্দ করিয়ে কাজে নামতে নামতে আরও সময় পেরিয়েছে।
সব বাধা পেরিয়ে এখন ২৫-৩০ জনের থাকার উপযোগী করা হচ্ছে একাডেমি ডরমিটরিকে৷ ৮০ থেকে ১০০ জন ফুটবলারের থাকার ব্যবস্থা করার মতো টাকা নেই। মাঠের কাজ ৫০ ভাগ শেষ। বাকি ৫০ ভাগ দ্রুততম সময়ে করার প্রতিশ্রুতি দিচ্ছে বাফুফে৷ মাঠে ঘাস ওঠেনি। নিষ্কাশন, মাঠ রোল করা বাকি। খেলোয়াড়দের থাকার জন্য আসবাবপত্র, ডাইনিংসহ বাকি অত্যাবশীয় চাহিদা পূরণ করে তোলা হবে এশিয়াডের অনূর্ধ্ব-২৩ দলকে।
কোচ লোডভিক ডি ক্রুইফ ২৭ মে ঢাকা ফিরতে পারেন । জাতীয় দলের কোচ এসে ঘরোয়া লিগের খেলা দেখবেন। এ ছাড়া তাঁকে অন্য কোনো কাজ দিতে পারছে না বাফুফে। জুলাইয়ের মাঝামাঝি প্রিমিয়ার লিগ শেষে হয়তো এশিয়াডের প্রস্তুতি শুরু করতে খেলোয়াড় হাতে পাবেন এই ডাচ কোচ৷
তত দিনে সিলেট বিকেএসপি প্রস্তুত হয়ে গেলে তো ভালোই, সেখানেই দলবল নিয়ে ডি ক্রুইফকে যেতে হবে৷ নইলে ঢাকায় ক্যাম্প শুরু করে কোরিয়া যাওয়ার আগে সপ্তাহ দুয়েকের জন্য হলেও দল পাঠানো হবে সিলেটে৷
সালাউদ্দিন যেটিকে দেখছেন অন্যভাবেও, জাতীয় দল পাঠিয়ে আপাতত একাডেমি ব্যবহার শুরু করতে পারলেও ভালো৷ সবার নজর ওদিকে পড়বে৷ একাডেমিকে পূর্ণাঙ্গরূপে গড়ে তুলতে এটি কাজে আসবে।