সিলেট স্টেডিয়ামের বিশ্বকাপ মহড়া
চা-বাগানের ছোট-বড় টিলাঘেঁষা স্টেডিয়াম। রাত-বিরাত দূরের কথা ভরদুপুরেও এলাকাটি জনমানবশূন্য থাকে। কিন্তু কাল সেখানেই নামল মানুষের ঢল। সবার একই উদ্দেশ্য—ঘরের মাঠে বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট সরাসরি দেখা। বেলা ১টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও সকালেই হাজির দর্শক।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামটি শহরতলির মালনীছড়া এলাকায়। আগামী বছরের মার্চ মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ভেন্যুটি আইসিসি কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করে গেছেন। তখন থেকেই সিলেটবাসী স্বপ্নের জাল বুনছে। কাল সিলেট স্টেডিয়ামে বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম দিনটা তাই যেন পরিণত হয়েছিল ‘বিশ্বকাপ মহড়ায়’।
সারি সারি ক্রীড়ানুরাগী দর্শক দুপুর থেকেই স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করে। শিশু, তরুণ, যুবক, বৃদ্ধ—কে নেই এই তালিকায়? প্রায় প্রত্যেকের হাতে ছিল জাতীয় পতাকা, প্ল্যাকার্ড আর ফেস্টুন। খেলা শুরু হয় পৌনে ২টায়। টস হেরে ব্যাট করতে যাওয়া আবাহনীর উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ক্রিজে দাঁড়িয়ে ব্যাটিং করতে প্রস্তুত। প্রতিপক্ষ ইউসিবি-বিসিবি একাদশের বোলার আল আমিন যখন প্রথম বলটি করেন, তখন স্টেডিয়ামজুড়ে শুরু হয় দর্শকদের জয়োল্লাস। ‘সিলেট’ ‘সিলেট’ ধ্বনিতে স্টেডিয়াম মাতিয়ে তোলে উপস্থিত দশ সহস্রাধিক দর্শক।
ব্যাটসম্যানরা চার-ছক্কা হাঁকাক কিংবা বোলাররা উইকেট তুলুক—দর্শকেরা আনন্দে-উচ্ছ্বাসে মেতে উঠছেন সবকিছুতেই। কেউ কারও পক্ষে নয়, কেউ কারও বিপক্ষেও নয়। ম্যাচজুড়েই ছিল দর্শকদের আনন্দঘন উচ্ছ্বাসমুখর পরিবেশ। শিস, বাঁশি আর চিৎকার, হইহুল্লোড়ে উৎসবমুখর এক পরিবেশই তৈরি হলো স্টেডিয়ামে। চা-বাগানের বিস্তীর্ণ সবুজের ভেতরে যেন জেগে উঠেছিল লাল-সবুজের বাংলাদেশ।
প্রাইম ব্যাংক-মোহামেডানের দ্বিতীয় ম্যাচেও ছিল গ্যালারিভর্তি দর্শক। সবার একটাই কথা, স্কোরকার্ডে চার দলের জয়-পরাজয় লেখা থাকলেও সিলেটবাসীর কাছে দিনটা ছিল অন্য রকম বিজয়ের। স্বপ্নপূরণের প্রাথমিক বিজয়।